চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
অভিনেতা সঞ্জয় দত্তের (Sanjay Dutt) ফুসফুসে ক্যান্সার (Cancer) ধরা পড়েছে। মঙ্গলবার রাতে এমন সংবাদ প্রকাশ্যে আসার পরেই বলিউডে ফের প্রমাদ গণনা শুরু হয়েছে। কারণ, করোনা ভাইরাসের সংক্রমণের আবহে একে একে অভিনেতা ইরফান খান, ঋষি কাপুর, নৃত্য নির্দেশক সরোজ খান, সঙ্গীত পরিচালক ওয়াজিদকে হারিয়েছে বি টাউন। আত্মঘাতী হয়েছেন সুশান্ত সিং রাজপুতের মতো উদীয়মান অভিনেতা। তেমন বিষাদের পরিস্থিতিতেই সঞ্জুবাবার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানা গেল। প্রসঙ্গত, গত রবিবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হন মুন্নাভাই। জানা যায় অক্সিজেন স্যাচুরেশনে সমস্যা রয়েছে। তবে কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তাঁর পরিবার সহ অনুরাগীরা। কিন্তু এদিন জানা গেল ফুসফুসে ক্যান্সার হয়েছে ৬১ বছরের সঞ্জয়ের। মঙ্গলবার একটি টুইট করে সঞ্জয় জানান, “প্রিয় বন্ধুরা, আমি কিছু দিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছি চিকিৎসার কারণে। আমার পরিবার, আমার বন্ধু-বান্ধব সবাই আমার সঙ্গে রয়েছে। আমি সবাইকে বলব, অকারণে চিন্তা করবেন না। কোনও রকম জল্পনাকেও গুরুত্ব দেবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসব!”
জানা গিয়েছে, ক্যান্সার চিকিৎসা করাতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে পারেন সঞ্জয় দত্ত। এর আগে আশির দশকে যখন ড্রাগ সেবন করতেন সঞ্জু, সেই সময় রিহ্যাবের জন্যও আমেরিকাতে পাঠানো হয়েছিল তাঁকে। সকলেই আশা করছেন, যেভাবে ড্রাগ সেবনের নিকষ অন্ধকারকে হারিয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরেছিলেন সঞ্জয় দত্ত। এভাবেই ক্যান্সারের মতো মারণ রোগকে হারিয়ে ফিরে আবারও ছবিতে অভিনয় করে মনোরঞ্জন করবেন দর্শকদের। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় দত্ত অভিনীত ‘কেজিএফ চ্যাপটার টু’ সিনেমাটি। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও, যশরাজ ফিল্মসের শমশেরা ও পৃথ্বীরাজ চৌহান ছবিতে অভিনয় করার কথা সঞ্জুবাবার। প্রসঙ্গত, সঞ্জয় দত্তের মা নার্গিস দত্ত মারা গিয়েছিলেন ক্যান্সারেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news