চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশকে লাথি মারার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাকিব। সে টিকিয়াপাড়া এলাকারই বাসিন্দা। এই ঘটনায় শুক্রবার আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করেই সাকিবের খোঁজ পায় পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করতে চায় পুলিশ। শুক্রবার বিকেল পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর গভীর রাতে টিকিয়াপাড়া থেকে সাকিব নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। টিকিয়াপাড়ায় পুলিশের উপর নিগ্রহের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, হামলার ওই ভিডিওতে দেখা গিয়েছিল সাকিবকে। এমনকী পুলিশকে হামলাকারীর লাথি মারার যে ছবি ভাইরাল হয়েছিল, তাতে নাকি দেখা গিয়েছিল সাকিবকেই।
গত মঙ্গলবার বিকেলে টিকিয়াপাড়ার (Tikiapara) বেলিলিয়াস রোডে পুলিশের টহলদারি চলছিল। তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু আচমকা প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। লকডাউন না মেনে রাস্তায় ভিড় করেন। তখনই লকডাউন কার্যকর করতে ভিড় সরাতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করা। পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোঁড়া হয়। দু’জন পুলিশকর্মী গুরুতর আহত হন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ ও র্যাফ পৌঁছয় ঘটনাস্থলে। পরে রাতেই রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয় যে অভিযুক্তরা শাস্তি পাবেই। রাত থেকেই এলাকায় শুরু হয় ধরপাকড়। শুক্রবার গভীর রাতে এক গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ আধিকারিককে লাথি মারা সাকিবকে।
এদিকে টিকিয়াপাড়ার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশকে আক্রমণে মূল অভিযুক্তরা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অধরাই ছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রথমে যে ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তারা কেউ ডালপুরি কিনতে যাচ্ছিল, তো কেউ আবার মাছের বাজারে যাচ্ছিল। ঘটনার পর স্থানীয় বাসিন্দা সেই যুবকদেরই পুলিশ বিনা অপরাধে তুলে নিয়ে গিয়েছিল। তাঁদের বিরুদ্ধে কড়া মামলা রুজু করেছে। অথচ মূল অভিযুক্তরা এখনও এলাকাতেই রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। এমন অভিযোগ এরপরই নড়েচড়ে বসে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)।
ঘটনার পরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিলিলিয়াস রোডে পুলিশকে লাথি মারা যুবক আসলে বিজেপি কর্মী। নাম রাজু শর্মা। তৃণমূলের হাওড়া জেলা যুব মোর্চার কর্মী সে। পাল্টা বিজেপি জানিয়েছিল ওই এলাকায় রাজু শর্মা নামে বিজেপির কোনও কর্মী নেই। ঘটনায় বিজেপি যোগ প্রমাণ করতে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন প্রচার করে বেড়াচ্ছে বাংলার শাসক দল। কিন্তু এদিন সাকিব গ্রেপ্তার হওয়ার পর যাবতীয় বিতর্কে যবনিকা পড়ল বলেই মনে করছে হাওড়া জেলা প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news