চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা ও স্বাস্থ্যসচিব বিবেক কুমারের অপসারণ দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শনিবার এক ভিডিও বার্তা প্রকাশ করে এমনই দাবি করেছেন এই বর্ষীয়ান নেতা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ নির্ধারণ করতে একটি কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন সেই কমিটি গঠনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। এমনকি সেই কমিটিতে কারা কারা রয়েছেন তাও অজানা তাঁর। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যকে হাতিয়ার করেই এদিন রাজ্য সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের ছোড়দা।
সোমেন মিত্র বলেছেন, “করোনা ডেথ অডিট কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে যে বিভ্রান্তি চলছে। তা অত্যন্ত দুঃখের এবং ভয়ের। মুখ্যসচিব বলেছিলেন করোনা নিয়ে এই কমিটি ডেথ সার্টিফিকেট দেবে। অথচ মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে এ বিষয়ে কিছুই জানেন না। অথচ সেই কমিটি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে।” তিনি আরও বলেন, “রাজ্যের সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে এই কমিটি গড়ে মৃত্যুর সংখ্যা চাপা দেয়ার চেষ্টা হচ্ছে ? সব অভিযোগই যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। অথচ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এই কমিটির ব্যাপারে তিনি কিছুই জানেন না। তাই এমন একটি গুরুত্বপূর্ণ কমিটি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাতার্থে না আনার কারণে কমিটি গঠনের জন্য মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে অবিলম্বে বহিষ্কার কিংবা পদচ্যুত করা উচিত।”
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি বলেছেন, “মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবের এমন সিদ্ধান্তের কারণে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুর সংখ্যা চাপা দেওয়ার অভিযোগ উঠছে। আক্রান্তের সংখ্যা ভুল বলার অভিযোগ উঠছে। যাবতীয় অভিযোগের নিশানা হচ্ছেন মুখ্যমন্ত্রী।” মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি করে কার্যত রাজ্য সরকারকে চাপে ফেলার কৌশল নিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা, এমনটাই মত বাংলা রাজনৈতিক মহলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news