ওয়েব ডেস্ক:
ভারতে মাটিতে পা দিয়ে বক্তব্যে কুশলী কুটনীতিকের পরিচয় দিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। এদেশে এসে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করলেন।
উল্লেখ্য, এই প্রথম ভারতে এলেন সৌদি যুবরাজ। সবচেয়ে বড় কথা পুলওয়ামা হামলার আবহে সৌদি যুবরাজের বর্তমান সফর কূটনৈতিকভাবে গুরত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত বচনে পাকিস্তানের সঙ্গেও যিনি সৌভ্রাতৃত্ব দেখিয়েছেন! রাষ্ট্রপতি ভবনে তাঁকে অভ্যর্থনা করার সময় যুবরাজ সলমন বলেন, “আমাদের (মোদী এবং সলমন) সম্পর্ক ভ্রাতৃত্বের। প্রধানমন্ত্রী মোদী আমার বড় ভাই। তাঁকে দেখে সর্বদাই অনুপ্রেরণা পাওয়া যায়।”
প্রসঙ্গত, পাক সফরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানেরও ভূয়শী প্রশংসা করেন সলমন। সন্ত্রাস দমনে ইমরান খানের সরকার যে সক্রিয় ভূমিকা নিচ্ছে তাও উল্লেখ করেন। একারণেই তাঁকে নিয়ে চিন্তা ভারতের। সলমনের এমন মন্তব্যে স্বভাবতই উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি। যদিও আজ সৌদি যুবরাজ মনে করিয়ে দেন, ভারতের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক বহুদিনের। দুই দেশের মধ্যে এক হাজার বছরের সম্পর্ক। এমনকি আরও এক ধাপ এগিয়ে বলেন, লিখিত ইতিহাস তৈরি হওয়ার আগেও ভারতের সঙ্গে সম্পর্ক রয়েছে তাদের।
রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সৌদি যুবরাজ সলমান বলেন, দুই দেশের অটুট সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নেতৃত্বে দারুণ সম্পর্ক তৈরি করতে প্রস্তুত আমরা। প্রসঙ্গত, সৌদির ‘স্ট্র্যাটিজি পার্টনারের’ তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছে ভারত। ২০১৭-১৮ অর্থবর্ষে দু’দেশের বাণিজ্য হয় ২৭৪৮ কোটি ডলার, যা মোদী সরকারের আমলে নজিরবিহীন বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সৌদি আরবে কর্মসূত্রে প্রায় ২৭ লক্ষ ভারতীয় বসবাস করেন। প্রতি বছর দেড় লক্ষের বেশি ভারতীয় হজ যাত্রায় যান। সৌদির সঙ্গে ভারতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ২০১৬ সালে ইতিবাচক বার্তা দিয়ে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে পুলওয়ামা হামলার পরবর্তী পরিস্থিতিতে স্বভাবতই সৌদি আরবের অবস্থানের উপর কড়া নজর রাখবে নয়াদিল্লি। সন্ত্রাস প্রসঙ্গে আপাতত স্ট্রেট ব্যাটেই খেলতে চায়, তা বুঝিয়ে দেওয়া হবে যুবরাজ সলমানকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news