ওয়েব ডেস্ক:
সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে আছেন, জানিয়ে দিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ-বিন-সলমান। তবে তাঁর মতে, কাজটা সকলকে নিয়ে একসঙ্গে করতে হবে। উল্লেখ্য, পুলওয়ামা হামলার পর পাকিস্তানে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরানের খানের প্রশংসা করেন যুবরাজ সলমান। এইসঙ্গে পাকিস্তানের বিদেশনীতির প্রশংসা করেন তিনি। এরপরই নয়াদিল্লির অস্বস্তি তৈরি হয় তাঁকে নিয়ে। বর্তমানে ভারত গোটা পৃথিবীতে নিজের অবস্থান বুঝিয়ে দিতে চাইছে। এদেশের সন্ত্রাসে যে পাক মদত রয়েছে একথা স্পষ্ট করতে চাইছে যেমন ভারত, তেমনি আদায় করতে চাইছে আন্তর্জাতিক সমর্থন। উদ্দেশ্য পাকিস্তানকে কোণঠাসা করা। এমত অবস্থায় সৌদী যুবরাজের মুখের পাকিস্তানের প্রশংসাকে ভালো চোখে দেখেনি মোদী সরকার।
উল্লেখ্য, এদিন দুই দেশের মধ্যে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয়। এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সৌদি যুবরাজ যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেখানেই সৌদি যুবরাজ সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
যুবরাজ সলমান বলেন, ”সন্ত্রাসবাদ আমাদের সকলের চিন্তার বিষয়। আমরা এই ইস্যুতে ভারতের পাশে থাকব। সবরকম ভাবে সাহায্য করব। গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করব ভারতকে। সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলব পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য।”
অন্যদিকে এদিন যৌথ সাংবাদিক বৈঠকে কৌশলগত ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামা হামলা প্রসঙ্গ টানেন। সন্ত্রাসবাদ দমনে ভারত ও সৌদি আরব যে সহমত পোষণ করছে, সেকথাও জানান প্রধানমন্ত্রী। মোদীর জানান, ”যে দেশ সন্ত্রাসবাদে ইন্ধন যোগাচ্ছে, তাদের উপর আরও চাপ বাড়াতে সহমত হয়েছি আমরা।”
বর্তমান পরিপ্রেক্ষিতে সৌদি যুবরাজের এই সমর্থন ভারতের জন্য জরুরি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news