চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তৃণমূলে গৃহযুদ্ধ তুঙ্গে ! আমফান ঘূর্ণিঝড় দুর্যোগ মোকাবিলায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) ব্যর্থ বলে আক্রমণ করে মন্ত্রী সাধন পান্ডে ঝড় তুলে দিয়েছিলেন তৃণমূলের অন্দরমহলে। তাই মানিকতলার বিধায়ককে জব্দ করতে শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ময়দানে নামালেন দলেই তাঁর ঘোরতর বিরোধী বলে পরিচিত পরেশ পালকে। বৃহস্পতিবার কাকুঁড়গাছি এলাকার একটি পার্কে নিজের অনুগামীদের নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক। বাছা বাছা বিশেষণে কার্যত বিঁধলেন বর্ষীয়ান সতীর্থকে। দলীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়ে বেপরোয়াভাবে আক্রমণ করে পরেশ পাল (Paresh Pal) বললেন, “মেয়েকে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে বিজেপির সঙ্গে বোঝাপড়া করে তৃণমূলের ক্ষতি করতে নেমেছেন।” প্রসঙ্গত, রোজভ্যালি মামলায় একাধিকবার ইডি তলব করেছিল সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে (Shreya Pandey)। অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছেন। এদিন সেই প্রসঙ্গ টেনে তাঁকে আক্রমণ করেন পরেশ পাল।
প্রসঙ্গত, কলকাতার প্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন সাধন পান্ডে। আমফান পরবর্তীতে শহর যে বিধস্ত অবস্থায় রয়েছে তা নিয়ে পুরসভার কোনও পরিকল্পনা ছিল না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে কলকাতার কোনও বিধায়কের সঙ্গে পরামর্শ নেননি বলে আক্রমণ করেছিলেন মানিকতলার বিধায়ক। সেই প্রসঙ্গে প্রাক্তন মেয়র এর পক্ষ নিয়ে পরেশ পাল বলেন, “আমি কলকাতা শহরের অনেক মেয়র দেখেছি। কিন্তু ফিরহাদ হাকিমের মত মেয়র দেখিনি। যিনি যে কোনও দুর্যোগের পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করছেন।” এমন একজন মেয়রের বিরুদ্ধে সাধন পান্ডে সমালোচনামূলক কথা বলে অপরাধ করেছেন বলে মন্তব্য করেন তিনি।
শহরের বিপর্যয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে চার্জের ক্রেতা সুরক্ষা সাধন পান্ডে সিইএসসির সমালোচনা করেছিলেন। সঙ্গে তিনি বলেছিলেন, “কেন কলকাতায় বিদ্যুৎ সাপ্লাইয়ের দুটো কোম্পানি থাকবে না? বম্বেতে তো দুটো আছে। এখানে তো টাটার মতো কোম্পানিকে ডাকতে পারে। তাহলে তো প্রতিযোগিতা হয়!” সেই প্রসঙ্গে সাধনকে টাটার দালাল বলে মন্তব্য করেন পরেশ পাল। তাঁর কথায়, “ও টাটার দালাল। টাটার সঙ্গে ওর ব্যবসা আছে। সিঙ্গুরের সময়েও দালালি করেছিল।”
এমন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেও ক্ষান্ত হননি পরেশ। অভিযোগের সুরে বেলেঘাটার তৃণমূল বিধায়ক বলেন, “শশী পাঁজা, অতীন ঘোষ, সাংসদ শান্তনু সেন এঁদের সবার সঙ্গে ওঁর গণ্ডগোল। কাঠি করা ছাড়া ও কিচ্ছু জানে না। পিছনে লেগে লেগে ও অজিত পাঁজাকে মেরে ফেলেছে!” তিনি আরও বলেন “ও যখন কংগ্রেস করত তখনও এর তার পিছনে লাগত। কখনও বরকতদা, কখনও প্রণব মুখোপাধ্যায়, কখনও সোমেন মিত্র, এমনকি কাজের মানুষ সুব্রত মুখোপাধ্যায়ের পিছনেও লাগতে ছাড়েনি।” তাঁর আরও সংযোজন, “লকডাউন চলছে বলে পারছি না। লকডাউন উঠলেই ১৫ হাজার লোক নিয়ে রাস্তায় নামব। ওঁকে দল থেকে তাড়াতে হবে।” এদিন পরেশ পালের আক্রমণ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে সাধন পাণ্ডেকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news