নীল রায়।
দুই পদত্যাগী মেয়রই বিজেপির পথে! এমনই জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। গত বছর নভেম্বর মাসের শেষ দিকে কলকাতা পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আবার বিধাননগরের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন সব্যসাচী দত্ত। এই দুই প্রাক্তন মেয়রের মধ্যে সব্যসাচী দত্ত অবশ্য বিজেপিতে যাওয়ার ব্যাপারে নানা হবে ইঙ্গিত দিয়ে রেখেছেন। গেরুয়া শিবিরে যোগদানের বিষয়টি মুখে অস্বীকার করলেও, বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলেই জানাচ্ছে বিশ্বস্ত একটি সূত্র। তাছাড়া সব্যসাচী দত্ত তৃণমূলে থেকেই নিজের রাজনৈতিক গুরু বিজেপি নেতা মুকুল রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বারবার। কখনও বাড়িতে ডেকে মুকুল রায়কে লুচি আলুর দম খাইয়েছেন, কখনও আবার পুজোর অনুষ্ঠান বাড়িতে আমন্ত্রিত হয়ে মুকুলের পাশে বসেই খিচুড়ি বেগুন ভাজা খেয়েছেন। তাই তাঁর বিজেপিতে যোগ শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।
আবার শোভন চট্টোপাধ্যায়ের রাজনীতির সব্যসাচীর তুলনায় একেবারেই ভিন্ন। গত নভেম্বর মাসে রাজ্য মন্ত্রিসভা ও কলকাতার মেয়র পদে ইস্তফা দেওয়ার পর থেকেই অন্তরালে রয়েছেন তিনি। মাঝেমধ্যে ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি তথা ভিডিও ভাইরাল হলেই সংবাদের শিরোনামে আসেন তিনি। লোকসভা ভোটের আগে বৈশাখী বন্দ্যোপাধ্যায় মারফৎ শোভন চট্টোপাধ্যায়কে বাজিয়ে দেখেছিল বিজেপি নেতৃত্ব। সে যাত্রায় সফল না হলেও, আগামী কয়েক মাসের মধ্যে শোভন চট্টোপাধ্যায়কছ তাদের জালে তুলতে পারবে বলেই নিশ্চিত জানাচ্ছে বিজেপির একটি সূত্র। এবং লোক চক্ষুর অন্তরালে ঘর গোছানোর কাজ শোভন চট্টোপাধ্যায় শুরু করেছেন বলেই জানাচ্ছে তাঁর অনুগামীরা।
শোভন চট্টোপাধ্যায় ও সব্যসাচী দত্ত! দু’জনকেই দলে ফেরাতে উদ্যোগ নিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। কিন্তু ফিরহাদ-পার্থর সব উদ্যোগই ব্যর্থ হয়েছে বলে জানাচ্ছে কালীঘাটের একটি নির্ভরযোগ্য সূত্র। তবে সব্যসাচী দত্তর তুলনায় শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি আঘাত দেবে বলেই মনে করছে বাংলা রাজনৈতিক মহল। কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেহালা পূর্বের বিধায়কের সম্পর্ক ছিল ভাই বোনের মত। কিন্তু সেই কাহিনী এখন বাংলার রাজনীতিতে বিস্মৃত ইতিহাসই বটে। আপাতত দিদির স্নেহের কাননের সঙ্গে সব্যসাচী দত্তকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের অফিসে গেরুয়া উত্তরীয় গলায় দেখা যেতে পারে যে কোনও দিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news