ওয়েব ডেস্ক:
বনগাঁ পুরসভার আস্থা ভোটের মামলায় মুখ পুড়ল শাসক দলের। যাঁর বিরুদ্ধে অনাস্থা সেই তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে চরম ভর্তসনা করলেন বিচারপতি। শুক্রবার বিচারপতি বলেন, “সংখ্যাগরিষ্ঠ সঙ্গে নেই, তবুও চেয়ার আঁকড়ে আছেন? আপনি এত নির্লজ্জ কেন?”
আদালত এদিন এও জানিয়ে দেয় যে বনগাঁ পুরসভার অনাস্থা প্রক্রিয়াতে ভুল ছিল। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, “সংখ্যাগরিষ্ঠের আনা প্রস্তাব মানা হয়নি। এটি গণতন্ত্রের পক্ষে ভুল।” এরপরই তিনি বিজেপির অভিযোগকে মান্যতা দিয়ে বলেন, “চেয়ারম্যান কাউন্সিলরদের আটকে দিয়েছে। এটি অত্যন্ত অন্যায় হয়েছে।” এইসঙ্গে অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন, “চেয়ারম্যানকে ফের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে।”
প্রসঙ্গত, গত সোমবার বনগাঁ পুরসভার আস্থাভোট ঘিরে ধুন্ধুমার বাঁধে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বনগাঁর একদল কাউন্সিলর। এর পরই বর্তমান পুরপ্রধান শংকর আঢ্যকে সরাতে অনাস্থা প্রস্তাব আনে গেরুয়া শিবির। এদিকে অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে পুরসভা দখলে রাখতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
যদিও এদিন আদালতের মন্তব্যে অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, বনগাঁ পুরসভায় আস্থা ভোট নিয়ম মেনে হয়নি। সংখ্যাগরিষ্ঠের মত প্রতিফলিত হয়নি আস্থাভোটে। যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news