নীল রায়।
আগামীকাল মঙ্গলবার বিজেপিতে যোগ দিচ্ছেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের (Amit Shah) সভায় হাজির হয়ে তিনি দলবদল করতে চলেছেন। বিজেপিতে যোগদানের খবরের নিজেই সীলমোহর দিয়েছেন সব্যসাচী দত্ত। তিনি বলেছেন, “অমিত শাহের সভাতেই আমি বিজেপিতে যোগ দিচ্ছি।” সব্যসাচী দত্তের সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার কথা তাঁর কয়েক হাজার অনুগামীরও।
বিজেপি (BJP) নেতা মুকুল রায়ের সঙ্গে লুচি ও আলুর দম খাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে সব্যসাচীর সম্পর্কের ফাটল শুরু হয়। এরপর কখনও তিনি দলের বিধায়ক সুজিত বসুর বিরুদ্ধে মুখ খুলেছেন। তো কখনও তাঁর গলায় শোনা গিয়েছে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান। এমনকী, এনআরএসে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন সব্যসাচী।
এমনই ঘটনার ঘনঘটার মাঝে বিধাননগরের মেয়র পদে অনাস্থা আনে তৃণমূল। এরপর পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর থেকে যত দিন গিয়েছে ততই গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন সব্যসাচী। কিছুদিন আগে তাঁর গণেশ পুজোর উদ্বোধনে হাজির ছিলেন অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ ও মুকুল রায়ের মতো বিজেপি নেতারা। সম্প্রতি নরেন্দ্র মোদির জন্মদিনে এক যজ্ঞের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাঁকে। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদান হয়ে উঠেছিল সময়ের অপেক্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news