নিজস্ব সংবাদদাতা:
৮ অক্টোবর, ইটাহারঃ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় ছেলে মেয়েদের স্কুলমুখী করার লক্ষে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল বিলি করছেন। সেই সময়ে ইটাহার গোঠলু ট্রেনিং সেন্টারে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সাইকেল রোদ জলে নষ্ট হচ্ছে। এমনই ছবি দেখা গেল ইটাহারের গোঠলু হোমগার্ড ট্রেনিং সেন্টারে।
সবুজ সাথী প্রকল্পের প্রায় ১০০ সাইকেল পরিত্যক্ত আবর্জনার মতো পড়ে আছে এখানে। খোলা আকাশের নীচে অবহেলায় পড়ে থাকা সাইকেলগুলির চারপাশে আগাছা গজিয়ে গেছে । কোনও কোনওটিকে তো ঢেকে ফেলেছে জঙ্গল। ভূতুড়ে অবস্থা লক্ষ টাকা মূল্যের সাইকেলগুলির।
এই বিষয়ে এলাকার বাসিন্দা জামিরুল ইসলাম জানান, এই গোঠলু হোমগার্ড ট্রেনিং সেন্টারে দীর্ঘ দিন ধরে প্রশাসনের উদাসীনতায় সবুজ সাথী প্রকল্পের প্রায় ১০০ থেকে ১৫০টি সাইকেল এভাবেই নষ্ট হচ্ছে। প্রশাসনের কোনো হেলদোল নেই।
কীভাবে এই সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলি প্রশাসনের অগোচরে নষ্ট হচ্ছে তা জানতে ইটাহারের বিডিও রাজু লামাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওইখানে যে সাইকেলগুলো আছে তা পুরনো। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না । আমাদের ব্লকে সাইকেল বিলির এবছর আর বাকি নেই। সব স্কুল সাইকেল পেয়ে গেছে। এগুলো বাড়তি সাইকেল। কোম্পানির লোকেরা কেনো নিয়ে যায়নি তা আমাদের জানা নেই।
বিডিওর মতে, আমাদের তরফে ছাত্রছাত্রীদের যে সাইকেল দেওয়ার ছিল তা আমরা ইটাহার ব্লকের সব স্কুলে দিয়ে দিয়েছি। যে সাইকেলগুলো পড়ে রয়েছে তা সাইকেল কোম্পানির দায়িত্বের মধ্যে পড়ে। তথাপি জেলা স্তরে বিষয়টি জানানো হবে বলে তিনি জানান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news