নীল রায়:
রানাঘাট লোকসভা আসন ধরে রাখতে প্রচারে প্রয়াত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালীর সঙ্গে তাঁর দেড় বছরের সন্তান সৌমজিৎকে ব্যবহার করতে চায় তৃণমূল কংগ্রেস। এই লোকসভা আসন ধরে রাখতে মরিয়া তৃণমূল শিবির। যে কারণে ওই আসনের প্রার্থী করা হয়েছে খুন হয়ে যাওয়া কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রীকে রূপালীকে। বর্তমান সাংসদ তাপস মণ্ডলকে টিকিট দেওয়া হয়নি এবার। সত্যজিতের খুন হয়ে যাওয়ার পরে তাঁর স্ত্রী রূপালীকে লোকসভা ভোটে দাঁড় করানোর ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মাথায় দেন বাঁকুড়া জেলার এক বিধায়ক।
গত মঙ্গলবার কালীঘাটে প্রার্থী তালিকা ঘোষণার সময় রানাঘাট কেন্দ্রে রূপালী বিশ্বাসের নাম ঘোষণা করেন মমতা। বুধবার সমস্ত প্রার্থীদের কালীঘাটে বৈঠকে তলব করেছিলেন তিনি। সেখানে সাংবাদিক সম্মেলনে রুপালীকেও ডাক দেন তৃণমূল সুপ্রিমো। তখন নিজের ছেলেকে নিয়ে কক্ষের বাইরে গিয়েছিলেন রুপালী। মুখ্যমন্ত্রীকে তা জানানো হলে, তিনি নির্দেশ দেন ওকে বাচ্চা নিয়েই আসতে বলো। নির্দেশ পেয়েই ছেলে কোলে কক্ষে আসেন রূপালী। মুখ্যমন্ত্রীর এমন ইঙ্গিতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আভাস পান যে এবারের লোকসভা ভোটে রানাঘাটে প্রচারে যেমন প্রার্থী রূপালী নামবেন, তেমনি ব্যবহার করা হবে তাঁর শিশু সন্তানকেও।
ইতিমধ্যে রানাঘাটের বেশ কয়েকটি এলাকায় লোকসভা ভোটের প্রচারে রূপালী বিশ্বাসের সঙ্গে ছোট্ট সৌমজিৎ-এর ছবিও ছাপা হয়েছে। সত্যজিতের বিধবা স্ত্রীর সঙ্গে তাঁর ছেলের ছবি ভোটের প্রচারে ব্যবহার করায় বিতর্ক দানা বাঁধে নানা মহলে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এমন সিদ্ধান্তের কারণ, রানাঘাট আসনে মতুয়া ভোটারদের প্রভাব। সত্যজিৎ ছিলেন তাঁদের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনীতিক। বর্তমানে যে ভোটে থাবা বসিয়েছে বিজেপি। তাই মতুয়া ভোটকে বিজেপি মুখি হওয়া আটকাতে তাঁর স্ত্রীকে প্রার্থী করার সঙ্গে সঙ্গে প্রচারে তাঁর দেড় বছরের ছেলের ছবি ব্যবহার করতেও পিছপা হচ্ছে না বাংলার শাসক দল। এমন প্রচারের ফলে মতুয়া ভোট সহ আম ভোটারদের বড় অংশের সহানুভূতি আদায় করে পঁচিশের রূপালী জয় পাবেন বলেই মনে করছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news