ওয়েব ডেস্ক:
রোজভ্যালিকাণ্ডের তদন্তে এবার মুখ্যসচিবকে চিঠি ধরাল সিবিআই। এইসঙ্গে অর্থ দফতরের এক আধিকারিককে তলব করা হল। ওই আধিকারিককে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, সিবিআই-এর একটি দল বুধবার দুপুরে নবান্নে যায়। তাঁরা রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দেয়। জানা যাচ্ছে, ওই চিঠিতে রোজভ্যালি মামলার নথি ও ফাইল অবিলম্বে সিবিআই দফতরে পাঠাতে বলা হয়েছে। অভিযোগ, পুলিশের কাছে বার বার চেয়েও রোজভ্যালি মামলার নথি সিবিআইয়ের হাতে আসেনি। যদিও রাজ্য পুলিশকে এই বিষয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য পুলিশ সহযোগিতা করেনি বলেই জানাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
এদিকে নবান্নের অর্থ দফতরের এক আধিকারিককে আগামী ১৮ অক্টোবর সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান, ২০১২ সাল নাগাদ রোজভ্যালি সংস্থার বিভিন্ন কারবারের সঙ্গে পশ্চিমবঙ্গে সরকারের ভূমিকা ঠিক কী ছিল!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news