ওয়েব ডেক্স :
কদিন ধরেই জল্পনা চলছিল। এবার কি তা সত্যি হতে চলেছে? প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী তথা গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরা রাজনীতিতে নামছে!
এমনই জল্পনা চলছিল উত্তরপ্রদেশের রাজনীতিতে। এবার জল্পনা আরও উসকে দিল উত্তরপ্রদেশের মোরাদাবাদ যুব কংগ্রেসের একটি পোস্টারকে ঘিরে। যেখানে লেখা রয়েছে, ‘রবার্ট বঢরাজি। মোরাদাবাদ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনাকে স্বাগত জানাই।’ এ ধরনের একাধিক পোস্টার লাগানো হয়েছে মোরাদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়।
এর আগে রবিবার রবার্ট ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, “প্রচার ও কাজের জন্য দেশের বিভিন্ন প্রান্তে বিশেষত উত্তরপ্রদেশে সময় কাটিয়েছি। তা থেকে মনে হয়েছে, মানুষের জন্য আরও কাজ করা বাকি আছে। তাছাড়াও এত বছরের শিক্ষা ও অভিজ্ঞতা বিফলে দেওয়া যায় না। তা কাজে লাগানো উচিত।” তবে সরাসরি মুখে কিছু না বললেও তাঁর পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কারণ এর আগে দাদা রাহুল গান্ধীর হাত ধরে দীর্ঘদিন পর প্রত্যক্ষ রাজনীতিতে পা দিয়েছে প্রিয়াঙ্কা। এবার তাঁর স্বামী রবার্ট রাজনীতিতে এলে, বিজেপির এতদিনের যে অভিযোগ ছিল কংগ্রেস পার্টি একটি পরিবারের দল তা আবার প্রমাণিত হবে। রবার্ট-এর রাজনীতিতে আসা প্রসঙ্গে, বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নকভি কটাক্ষ করে বলেন, “পি-আর (প্রিয়াঙ্কা-রাহুল) ক্ষমতার সার্কাসে একজন জোকার অনুপস্থিত ছিল। এবার মনে হচ্ছে সেই জোকারের প্রবেশ ঘটল।
প্রসঙ্গত, অবৈধভাবে বিদেশে সম্পত্তি কেনা এবং রাজস্থানে একটি জমি কেলেঙ্কারি মামলায় রবার্ট একাধিকবার ইডির জেরার মুখোমুখি হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news