চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের প্রকোপ আটকাতে শুক্রবার শহর এবং গ্রামের প্রত্যন্ত জায়গাগুলির বাড়ি এবং রাস্তাঘাট জলে জীবানুনাশক মিশিয়ে ধুয়ে দিল দমকল। সেই সঙ্গে দিনভর মানুষকে সচেতন করার কাজও করলেন মাইকিং করে। কিছুদিন আগে স্যোসাল মিডিয়ায় করোনার উৎপত্তি স্থল উহানের একটি ছবি ভাইরাল হয়েছিল। শহর তালাবন্দি হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে শহরের প্রতিটি কোন জল এবং জীবানুনাশক দিয়ে ধুয়ে দিচ্ছিল প্রশাসন। বেজিং জানিয়েছিল করোনা মোকাবিলায় জল এবং রাসায়নিক দিয়ে শহর স্যানিটাইজেশন জরুরি।
অতটা বড় আকারের কর্মকাণ্ড না হলেও অনেকটা সেই ধাঁচেই দমকল শহর জীবানুমুক্ত করতে নামল এইদিন। যে সব জায়গা জনবহুল অথবা যেখানে সংক্রামিত ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে সেখানে এই কাজ করা হয়। পরবর্তীতে সারা শহরেই করা হবে বলে দমকল সূত্রের খবর। শহর জীবানুমুক্ত করার সঙ্গে সঙ্গে মফস্বল এবং গ্রামে মাইকিং করে মজুত করতে নিষেধ করেন দমকলকর্মীরা। তাঁরা আশ্বস্ত করেন যে রাজ্য সরকার খাদ্য সরবরাহ যাতে যথাযথ হয় সেই দিকে কড়া নজর রেখেছে। কাজেই বাজারে ভিড় করে খাদ্য মজুত করে রাখার দরকার নেই। এর সঙ্গে সঙ্গে নাগরিকদের সামাজিক দূরত্বের বিষয়টিও ফের একবার বুঝিয়ে দেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news