ওয়েব ডেস্কঃ
বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় ইডির নজরে একের পর এক টলি সেলেব। এবার রোজভ্যালি কাণ্ডে ইডির নিশানায় টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালি কাণ্ডে একাধিক অভিযোগ উঠেছে টালিগঞ্জের এই জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে। রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং সংস্থার টাকায় বিদেশ ভ্রমণ—এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই ঋতুপর্ণাকে তলব করার সিদ্ধান্ত নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য এর আগেও টলিপাড়ার বেশ ক’জন নামজাদা অভিনেতা-অভিনেত্রীর নাম জড়িয়েছিল রোজভ্যালি ইস্যুতে।
রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর খুব ঘনিষ্ঠ হওয়ায় একাধিকবার ওই সংস্থার টাকায় বিদেশ ভ্রমণের অভিযোগও উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। কী কারণে ওই খরচ বহন করত রোজভ্যালি, তাও খতিয়ে দেখবেন ইডির আধিকারিকরা।
পাশাপাশি জানা গিয়েছে, রোজভ্যালি থেকে বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার হত। দেশের বাইরে টাকা পাচারের ক্ষেত্রে ঋতুপর্ণা কোনও মধ্যস্থতা করেছিলেন কি না, কীভাবে ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি? সেসব প্রশ্নও কিন্তু উঠেছে। এধরনের একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে আগামী সপ্তাহেই ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে, প্রকাশ্যে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য, রোজভ্যালির কর্ণধার বেশ কয়েকটি স্বল্প বাজেটের বাংলা সিনেমা কিনেছিলেন মোটা অঙ্কের বিনিময়ে। যে বিষয়টিকে রীতিমতো সন্দেহের চোখে দেখছেন তদন্তকারী অফিসারেরা। এই ক্ষেত্রেও টলিপাড়ার দাপুটে অভিনেত্রীর কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইডি তলব করেছে। আগামী ১৯ জুলাই সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকদের মুখোমুখি হবেন নায়ক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news