চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মারণ ভাইরাস করোনা ভ্যাকসিন (Vaccine) আবিষ্কার হয়ে গেলেই তা দেশের সব প্রান্তে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবে রিলায়েন্স। বুধবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় এমনটাই ঘোষণা করেছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani)। তিনি বলেছেন, “শীঘ্রই কেন্দ্রীয় সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে, দেশের প্রতিটি প্রান্তে গণহারে করোনা পরীক্ষার ব্যবস্থা করবে রিলায়েন্স।” এরপরেই নীতা আম্বানি ঘোষণা করেন, “আমি কথা দিচ্ছি, যেদিনই করোনার প্রতিষেধক আবিষ্কার হবে। আমরা জিও’র ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও সাপ্লাই চেন ব্যবহার করে দেশের প্রতিটি প্রান্তে এই প্রতিষেধক পৌঁছে দেব। দেশের কোনও প্রান্তের মানুষ এই টিকা থেকে বঞ্চিত থাকবেন না।”
ইতিমধ্যে ভারতে ভারত বায়োটেক ও জাইডাস ক্যাডিলা (Zydas Cadilla) করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকদূর অগ্রসর হয়েছে। বিদেশী রাষ্ট্রের মধ্যে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, রাশিয়া ও আমেরিকা কোভিড ভ্যাকসিন তৈরির অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রত্যেকেই আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে এই ভ্যাকসিন বাজারে আনার কথা বলেছেন। নীতা আম্বানি জানিয়েছেন, যে সংস্থাই আগে কোভিড (Covid) ভ্যাকসিন আবিষ্কার করবে, তাদের থেকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তা পৌঁছে দেবে রিলায়েন্স।
পাশাপাশি, কেন্দ্রীয় সরকার থেকে পুরসভা, পঞ্চায়েত স্তরের প্রশাসনের সঙ্গে একযোগে দেশজুড়ে গণহারে করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষার ব্যবস্থা করবে রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation)। প্রধানমন্ত্রীর তহবিলে ৫০০ কোটি টাকা অনুদানের সঙ্গে নিজেদের টাকায় একাধিক হাসপাতাল তৈরি করেছে করোনা চিকিৎসার জন্য। লক্ষাধিক পিপিই ও মাস্ক তাঁরা তুলে দিয়েছে দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য। নীতা আম্বানি নিজে ‘মিশন অন্নসেবা’র মাধ্যমে লকডাউনের সময় দেশের তিন কোটি দুঃস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news