চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা ভাইরাসের আবহের মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য স্যানিটাইজার। এবার এই স্যানিটাইজারের উপরে জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তবে জিএসটি বাড়ানোর কারণ সম্বন্ধে একাধিক যুক্তি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে, স্যানিটাইজার, সাবান, ডেটল সহ কয়েকটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী তরলের ওপর ১৮ শতাংশ জিএসটি বসাবে কেন্দ্র। কারণ হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, প্যাকিং উপকরণের ওপরেও ১৮ শতাংশ জিএসটি বসে। জিএসটির হার বাড়ানোর ফলে দাম বাড়তে চলেছে হ্যান্ড স্যানিটাইজার।
জিএসটি বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রকের যুক্তি, অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার তৈরির কাঁচামালের উপর ১৮ শতাংশ হারে জিএসটি বসে। তাই শুধুমাত্র স্যানিটাইজারে জিএসটি কম নিলে উৎপাদনকারীরা মার খাবে। উৎপাদনকারীদের বেশি করে কর দিতে হবে এবং লভ্যাংশ কমবে। সুতরাং স্যানিটাইজারের কাঁচামালের সঙ্গে সামঞ্জস্য রেখে জিএসটি বসালে ছোট ব্যবসায়ী তথা দেশীয় সংস্থাগুলি উপকৃত হবে। উল্লেখ্য, কোনও দ্রব্যের উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নেন জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিলে রাজ্যের অর্থমন্ত্রীরা রয়েছেন। অর্থাৎ অর্থমন্ত্রীদের সুপারিশ মেনেই স্যানিটাইজারের উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
অর্থমন্ত্রকের আরও যুক্তি, বেশিরভাগ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে দেশের ছোট ছোট সংস্থাগুলি। এই সংস্থাগুলিকে সাহায্য করার জন্য ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্প করা হয়। অতএব, হ্যান্ড স্যানিটাইজারের উপর জিএসটি কমালে ‘আত্মনির্ভর ভারতে’র প্রয়াসও ধাক্কা খেত। তাই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news