সূর্য সরকার।
“শোভনবাবু তো নিজের সিদ্ধান্তে বিজেপিতে যোগ দেননি। তাঁর যোগদানের পিছনে অন্য মাথা কাজ করেছিল। তবে এখনও শোভন আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত নেননি। তাই জল্পনাতে বিশেষ কান দেওয়া উচিত না।” রবিবার বেহালায় এক গণেশ পুজোর উদ্বোধনে এসে এমনটাই বললেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। বেহালা রবীন্দ্রনগরে পর্ণশ্রী ইউনাইটেড কাফের গনেশ পুজোর উদ্বোধন করেন রত্না। প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে গনেশ ঠাকুরের পায়ে ফুল দিয়ে এই পুজোর সূচনা করলেন তিনি।
শনিবার বিভিন্ন সূত্রে খবর রটে যায় যে প্রাপ্য সম্মান না পেয়ে বিজেপি থেকে ইস্তফা দিতে চলেছে শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে রত্নার প্রতিক্রিয়া, “শোভন তো নিজের সিদ্ধান্তে বিজেপিতে যোগদান করেননি। ওনার যোগদানের পিছনে অন্য মাথা কাজ করছিল। কেউ একজন নিজের ইচ্ছাপূরণ করার জন্য শোভনকে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন।” রত্না চট্টোপাধ্যায় বলেন, “কংগ্রেস করা লোক। আমি জানতাম যে ওনার পক্ষ সাম্প্রদায়িক দল করা সম্ভব নয়। তাই হয়তো ফিরে আসার কথা শোনা যাচ্ছে।”
বৈশাখীর অপমান মেনে নিতে পারছেন না বলেই এই সিদ্ধান্ত নিতে পারেন শোভন চট্টোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। শোভন পত্নী আপাতত, তাদের বিজেপি ত্যাগ নিয়ে বিশেষ চিন্তিত না। কিন্তু, শোভনের দলবদল নিয়ে রত্নার তীর যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকে তা বুঝতে কারো অসুবিধা হয়নি। শোভন-বৈশাখী ইস্যুতে তৃণমূল নেতৃত্ব পুরোপুরি চুপ। কিন্তু, কৌশলগতভাবেই ওই ইস্যুতে বারবার মুখ খুলছেন রত্না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news