কিশোর ঘোষ:
তিনি রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বাংলার একমাত্র ‘নিষিদ্ধ’ সাহিত্যিক। তিনি বেস্ট সেলার লেখক, পাশাপাশি তাকে নিন্দেমন্দও কম শুনতে হয় না। কিন্তু কেন? কারণ তিনি ‘কাদম্বরী দেবীর সুইসাইড নোট’ লিখে ‘অপরাধ’ করেছেন। কারণ তিনি বাঙালির সংস্কৃতির ভগবান রবীন্দ্রনাথের ‘পরকীয়া’ নিয়ে একাধিক উপন্যাস রচনা করেছেন। পরকীয়া নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর কী বললেন সেই ‘দুষ্টু’ সাহিত্যিক?
রঞ্জন যথারীতি খুল্লামখুল্লা। বললেন, ‘পরকীয়াকে আমি কখনওই অপরাধ মনে করিনি। সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্ত ঐতিহাসিক।’ কেন ঐতিহাসিক? ‘কারণ সমাজের জন্য মাঙ্গলিক সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। কারণ পরকীয়া মানুষের একটি স্বাভাবিক প্রবণতা।’ অকপট রঞ্জন বলেন, ‘পৃথিবীতে এমন একজন মানুষও নেই, যে মনে মনে পরকীয়া করে না। সকলেই হয়তো সাহস করে প্রকাশ্যে আসতে পারেন না। আসলে বিবাহ জিনিসটা একঘেয়ে। অনেকটা গরুর জাবর কাটার মতো। পরকীয়া ওই জাবর কাটা থেকে মুক্তি দেয় আমাদের। সেঁকে দেয় আমাদের।’
রঞ্জনের আরও মত ‘প্রত্যেক বিবাহিত সম্পর্কে একটি করে পরকীয়া থাকা উচিত। তাতে করে সম্পর্কটির ভালো হয়। সম্পর্কটি ছত্রাকার হয়ে যায় না।’ চির তরুণ রঞ্জন মনে করেন, ‘মানুষ এখন পরকীয়াকে অন্য চোখে দেখতে শুরু করেছে। বর্তমানে পরকীয়া করার প্রচুর পথও রয়েছে। অতএব সুপ্রিম কোর্ট অত্যন্ত ভালো কাজ করেছে।’
তাছাড়া পুরনো আইনটিতে পরকীয়া নিয়ে স্ত্রী পুরুষ ভেদ ছিল মনে করেন সমসময়ের অন্যতম জনপ্রিয় গদ্য সাহিত্যিক। রঞ্জন বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত সাক্ষাৎকার জানান, ‘সুপ্রিম কোর্টের নতুন সিদ্ধান্তে আরও একটি ভালো হল, পরকীয়ায় আইন অনুযায়ী পুরুষটিকে দোষী সাব্যস্ত করা হত এতদিন। উল্টো দিকে নারীকে স্বামীর সম্পত্তি হিসেবে দেখা হত। এই দুটি জিনিসই আর থাকল না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news