নিজস্ব সংবাদদাতা:
এক স্বনামধন্য গ্রন্থ প্রকাশনা সংস্থা নতুন প্রজন্মকে সাহিত্যমুখি করে তুলতে নিল এক অভিনব উদ্যোগ। প্রকাশনার নাম কারিগর। কারিগরের সদিচ্ছায় এ রাজ্যের কলেজ পড়ুয়াদের জন্য লেখালিখির জানলা হয়ে উঠতে চলেছে ‘কলেজ কলাম’। উল্লেখ্য, ‘কলেজ কলাম’ থাকবে কারিগর প্রকাশিত নতুন পত্রিকা ‘রাংচিতা’য়। ‘রাংচিতা’ প্রসঙ্গে যাওয়ার আগে ‘কলেজ কলাম’ বিষয়ে দু’চার কথা জেনে নেওয়া দরকার।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শহর-মফস্বল, এমনকি প্রত্যন্ত গ্রামের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে গল্প-কবিতা প্রতিযোগিতার আয়োজন করছিলেন কারিগরের কর্নধার দেবাশিস সাউ। সেই উদ্যোগের নামই ‘কারিগর কলেজ কলম’। আর ছাত্রছাত্রীদের সেই লেখালিখিকে পাঠকের দরবারে নিয়ে আসার বন্দোবস্ত করতেই ‘রাংচিতা’র জন্ম। তাই নতুন পত্রিকায় স্থান পাবে গল্প-কবিতা প্রতিযোগিতার নির্বাচিত লেখা। কলকাতার সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট কলেজের প্রতিযোগিতায় প্রথম হওয়া গল্পটি থাকছে ‘রাংচিতা’র প্রথম সংখ্যায়। পরবর্তী সংখ্যায় থাকছে লেডি ব্রেবোর্ন কলেজের সেরা গল্পটি।
আগামী ১৪ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় কারিগর-এর আড্ডা ঘরে উদ্বোধন হবে নবীনদের সবুজ পত্রিকা ‘রাংচিতা’। ‘রাংচিতা’র আনন্দ উদ্বোধনে উপস্থিত থাকবেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, তিলোত্তমা মজুমদার, কবি সুবোধ সরকার প্রমুখ। সঙ্গীত পরিবেশন করবেন আদিতি গুপ্ত।
প্রকাশক দেবাশিস সাউ জানালেন, প্রতি মাসে প্রকাশিত হবে ‘রাংচিতা’, প্রশ্রয় দেবে তরুণদের। শুধু ‘কলেজ কলাম’ই নয়, এই সঙ্গে কারিগরের নতুন পত্রিকায় থাকছে গল্প, কবিতা, ভ্রমণ, প্রবন্ধ, স্মৃতিকথা, গ্রন্থ-আলোচনার মতো চেনা বিভাগগুলিও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news