চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
আজ অযোধ্যায় (Ayodha) রামমন্দির শিলান্যাসের অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আগমণের অপেক্ষায় শুরু হয়েছে প্রহর গণনা। কিন্তু বুধবার সকাল বেলা একেবারে এক উল্টো চিত্র ধরা পরল কলকাতার রামমন্দিরে (Ram Mandir)। অবশ্যই সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত লকডাউন। তাই এদিন সকাল থেকেই জনশূন্য মন্দির চত্ত্বর, রয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরাই। মন্দিরের সদর দরজা শেকল দিয়ে তালা বন্ধ। যাতে কেউ মন্দিরের ধারে কাছে পৌঁছতে না পারে, সেই কারণে পুলিশি নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো। কারণ ৫ আগস্ট সপ্তাহের প্রথম লকডাউন আজ। সেই কারণেই সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সবকিছুই বন্ধ থাকবে। কোথাও কোন জমায়েত করা যাবে না । সে ধর্মস্থান হোক বা কোনও পাবলিক প্লেস, কোনও ভাবেই ভাঙা যাবে না কড়া লকডাউন।
তবে এ নিয়ে বিরোধী পক্ষ রাজ্য সরকারকে চড়া সুরে আক্রমণ করেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, আজ অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠান সেজন্যই এ রাজ্যে বেছে বেছে এই দিনটাকে সাপ্তাহিক লকডাউনের আওতায় ফেলা হয়েছে। তবে রাজ্য প্রশাসনের তরফ থেকে সাফাই দিয়ে বলা হয়েছে মানুষের সুরক্ষার জন্যই এই লকডাউন। তবে রাম মন্দিরে কোনও ভক্ত সমাগম না দেখা গেলেও, সাধারণ মানুষের চোখ আটকে রয়েছে টেলিভিশনের পর্দায়। তারা মন্দিরে যেতে না পারলেও অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজনের শিলান্যাস অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছেন।
ঘড়ির কাঁটা ১২টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড হওয়া মাত্রই মন্ত্রপূত ইট স্থাপনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হাতে সময় মাত্র ৩২ সেকেন্ড! ১২টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড বাজার আগেই সেরে ফেলতে হবে মন্দিরের ভিতের প্রথম ইট স্থাপনা পর্ব৷ কেন ? কারণ, শাস্ত্রমতে এই ৩২ সেকেন্ডই স্থায়ী হবে সব থেকে বেশি শুভ ‘চক্র সুদর্শন মুহূর্ত’৷ শুক্র পক্ষের অভিজিৎ তিথিতে এই মহার্ঘ ৩২ সেকেন্ডের মধ্যে যাতে প্রধানমন্ত্রীর ইট স্থাপনা করতে কোনও অসুবিধা না-হয়, তা নিশ্চিত করতে আয়োজনের ত্রুটি রাখা হচ্ছে না৷ ভূমিপূজনের সঙ্গে যুক্ত পুরোহিতরা আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছেন৷ গঙ্গাজল দিয়ে ইট ধুয়ে-মুছে চন্দন লাগিয়ে শুদ্ধ করার কাজও সেরে রাখা হবে আগেভাগেই৷ হনুমানগড়িতে মিনিট দশেক সময় কাটিয়ে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে রামমন্দিরের ভূমিপূজন স্থলে আসবেন দুপুর ১২টায়৷ প্রথমেই তিনি রামলালার দর্শন ও পুজো করবেন৷ দুপুর সাড়ে বারোটায় শুরু হবে পুজা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news