ভাস্কর মান্না:
সামনেই লোকসভা ভোট। ভোটের আগে রামমন্দির ইস্যুতে বড় পদক্ষেপ নিল মোদী সরকার। রাম মন্দির ইস্যুতে মোদী সরকারের তরফে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হল আজ। সেখানে বলা হয়েছে, অযোধ্যায় রাম জন্মভূমির বিতর্কিত জমি বাদ দিয়ে, বাকি জমি ব্যবহারের নির্দেশ দেওয়া হোক।
২০১৩ সালে বিতর্কিত এই জমি প্রসঙ্গে এলাহাবাদ হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, “৬৭ একর জমির উপর স্থিতাবস্থা জারি করা হয়েছে। কিন্তু ওই জমির মধ্যে ২.৭ একর জমি বিতর্কিত।” তাই কেন্দ্রীয় সকারের তরফে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে, বাকি অবিতর্কিত জমির উপর স্থিতাবস্থা বজায় রাখার কোনও প্রয়োজন নেই। তাই স্থিতাবস্থা তুলে নেওয়া হোক।
২০১৪ সালে ক্ষমতায় এলে রাম মন্দির গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পাঁচ বছর পর আবার ভোট আস্তে চলেছে, কিন্তু রামমন্দির নিয়ে বড় কোনও পদক্ষেপ নিতে পারেনি মোদী সরকার। ফলে এবার রামমন্দির ইস্যুতে হিন্দু ভাবাবেগকে ধরে রাখতে এদিন মোদী সরকারের তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়, অবিতর্কিত জমির কিছুটা অংশ রাম জন্মভূমি কমিটি ন্যাসকে দিয়ে দিতে।
এদিন সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চের একজন বিচারপতি অনুপস্থিত হওয়ার কারণে ফের শুনানি পিছিয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news