জয় ঘোষ
“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছেন রাজীব কুমার ৷” এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার বিজেপি-র (BJP) মহিলা মোর্চার উদ্যোগে সল্টলেকের ইজেডজেডসির পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন মুকুল রায়। সেখানে রাজীব কুমার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মুকুল বলেন, “আমার ধারণা মুখ্যমন্ত্রীর বাড়িতে আছেন উনি ৷” এমনটা বলার পর তাঁকে প্রশ্ন করা হয়, তবে কি মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি করলে সিবিআই (CBI) রাজীব কুমারকে পাওয়া যাবে ? জবাবে মুকুল বলেন, “জানি না। কারণ সরকারি কাজে বাধা দেওয়া মমতা ব্যানার্জির অভ্যাস ৷ এর আগেও রাজীব কুমারের খোঁজে যখন সিবিআই গিয়েছিল তখন মমতা ব্যানার্জি বাধা দিয়েছিলেন৷” তিনি আরও বলেন, “সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ওঁর বিরুদ্ধে মামলা হওয়া উচিত৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিফর্ম পরে যে যে পুলিশ ধরনায় বসেছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।” রাজীব কুমার মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটে রয়েছেন বলে দাবি করে বাংলার রাজনীতিতে হৈচৈ ফেলে দিলেন প্রাক্তন রেলমন্ত্রী।
শুক্রবার হাইকোর্ট রক্ষাকবচ প্রত্যাহারের পর হাজিরার নোটিশ পেয়ে শনিবারই কী রাজীব কুমার (Rajiv Kumar) সিবিআইয়ের মুখোমুখি হবেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। বিকেলে পর্যন্ত তাঁর কোনও হদিস না পাওয়া গেলেও, বিকেলের দিকে জানা যায় তাঁর অবস্থান। এদিন সিবিআইকে মেইল করে নিজের অনুপস্থিতির কারণ জানিয়েছেন রাজীব কুমার। ছুটিতে থাকায় হাজিরা দিতে পারেননি বলে ওই ই-মেইলে জানিয়েছেন তিনি, এমনটাই সূত্রের খবর। সিবিআইয়ের কাছে এক মাসের সময়ও চেয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার। রাজীব কুমার কোথায়? তা কিন্তু জানা যায়নি। তবে পাল্টা রাজীব কুমার মুখ্যমন্ত্রীর বাড়িতে আছেন বলে মন্তব্য করে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে দিলেন বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news