সূর্য সরকার।
সকাল থেকেই রাজ্য রাজনীতির কারবারীদের নজর ছিল রাজীব কুমারের দিকে। শুক্রবার হাইকোর্ট রক্ষাকবচ প্রত্যাহারের পর হাজিরার নোটিশ পেয়ে শনিবারই কী তিনি সিবিআইয়ের মুখোমুখি হবেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। বিকেলে পর্যন্ত তাঁর কোনও হদিস না পাওয়া গেলেও, বিকেলের দিকে জানা যায় তাঁর অবস্থান। এদিন সিবিআইকে মেইল করে নিজের অনুপস্থিতির কারণ জানিয়েছেন রাজীব কুমার। ছুটিতে থাকায় হাজিরা দিতে পারেননি বলে ওই ই-মেইলে জানিয়েছেন তিনি, এমনটাই সূত্রের খবর। সিবিআইয়ের কাছে এক মাসের সময়ও চেয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার।
এরপরেই তড়িঘড়ি আইনি পরামর্শ নিতে উদ্যোগী হয় সিবিআই। বালিগঞ্জে আইনজীবী ওয়াই দস্তুরের বাড়িতে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। কোন পথে এগোবেন তদন্তকারীরা তা নিয়েই চলছে আইনি পরামর্শ। কোর্টের রায় পেয়ে এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ সিবিআই। কিন্তু, পাল্টা সুপ্রিমো কোর্টে রক্ষাকবচ ফিরে পাওয়ার আবেদন করতে পারেন রাজীব। সেই বিষয়টিও মাথায় রেখেই চলতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অন্যদিকে, রাজীব কুমারের বাড়িতে যদি সিবিআই টিম হানা দেয়, সেই আশঙ্কায় পুলিশ বাড়ানো হয়েছে রাজীবের বাড়ির সামনে। ৩৪ পার্কস্ট্রিটের রাজীব কুমারের সরকারি আবাসনের বাইরের পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্রের খবর, আপাতত আত্মগোপন করে সোমবার আদালতে আইনী পদক্ষেপ নিতে পারেন রাজীব কুমার। কিন্তু, আইনমহলের মতে, হাইকোর্টের রায় খুব একটা বদল নাও হতে পারে শীর্ষ আদালতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news