চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) বেশ কয়েকটি ওয়ার্ডকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করল কেন্দ্রী সরকার । কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতর এই তালিকা প্রকাশ করার পরেই শুক্রবার দুপুরে সিল করে দেওয়া হয়েছে রাজাবাজার, নারকেলডাঙ্গা, মানিকতলা ও কাঁকুড়গাছি এলাকা। নারকেলডাঙ্গা মেন রেডকেও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজাবাজার মোড় থেকে বেলেঘাটা কিংবা ফুলবাগান যাওয়ার রাস্তা বন্ধ করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
কলকাতা এলাকায় এই প্রথম কোনও বড় রাস্তা সিল করা হল। সূত্রের খবর, এই সব চত্বরে এবার সশস্ত্র বাহিনীও নামবে।
রাজাবাজার -মানিকতলা – কাঁকুড়গাছি এলাকায় মূল রাস্তা থেকে বিভিন্ন গলিতে প্রবেশ সম্পূর্ণরূপে আটকে দিয়েছে পুলিস। এই এলাকাগুলিতে বিভিন্ন পাড়া বা গলিতে ঢুকতে ও বেরতে গেলে পুলিসের অনুমতি লাগবে। বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আবার ভিতর থেকে এলাকার লোককে বাইরে বেরতে দেওয়া হবে না। করোনার সংক্রমণ ঠেকাতেই এলাকা নির্বাচন করে সিল করার পরামর্শ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
দ্বিতীয় দফার লকডাউনে হটস্পট এলাকাগুলিতে কড়া নজর দিতে বলা হয়। ৩ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। দ্বিতীয় দফায় আগের থেকে আরও বেশি সতর্কতার সঙ্গে লকডাউন পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পশ্চিমবঙ্গ সরকার করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় তাই কঠিন পদক্ষেপ নিতে চলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news