নিজস্ব সংবাদদাতা:
ভাঙার বদলে পাল্টা ভাঙা নয়, বরং গড়া হোক নতুন করে।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঈশ্বরচন্দ্রের মূর্তি নতুন করে গড়ার কথা ঘোষণা করছেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির ঘোষণাকে কটাক্ষ করছেন, তখনই হুগলির উত্তরপাড়া ঠিক করে ফেলেছে তাদের আশু কর্তব্য।
উত্তরপাড়ায় প্রায় ২৫ বছরের পুরনো সাংস্কৃতিক সংস্থা ‘একত্র’। বিশিষ্ট আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় এই সংস্থার সঙ্গে যুক্ত শুরুর দিন থেকে। এই সংস্থার বর্তমান সভাপতি অজয় বন্দ্যোপাধ্যায়, মূর্তি ভাঙার খবর শোনা মাত্রই সংস্থার বিশেষ বৈঠক ডেকে প্রতিবাদের ভাষা ঠিক করে ফেললেন। ডন বস্কের প্রাক্তনী অজয়ের কথায়, ভাঙার পাল্টা গড়া, এর চেয়ে ভাল আর কি হতে পারে?

উত্তরপাড়ার সঙ্গে বিদ্যাসাগরের একটি বিশেষ সম্পর্ক ছিল। প্রথমত, তাঁর বিধবা বিবাহ আইন প্রণয়ন করার দাবির পক্ষে যিনি প্রথম স্বাক্ষর করেন তিনি উত্তরপাড়ার জমিদার, রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। আবার মহাকবি মাইকেল যখন গঙ্গার ধারে উত্তরপাড়ার রাজবাড়িতে শেষ জীবন কাটাচ্ছেন, তখন বিদ্যাসাগর তাঁকে নিয়মিত দেখতে আসতেন, সাহায্যও করতেন।
এই রাজবাড়ি আজ বিখ্যাত রাজা জয়কৃষ্ণ গ্রন্থাগার।
অজয়ের উদ্যোগে এই গ্রন্থাগারেই বিদ্যাসাগরের একটি শ্বেত পাথরের মূর্তি বসতে চলেছে। শুরু হয়েছে সই সংগ্রহের কাজ। গ্রন্থাগার কর্তৃপক্ষের অনুমতি আদায় করতে উত্তরপাড়ার অধিবাসীদের সই সংগ্রহ চলছে।
একত্রের সভাপতি অজয় বন্দ্যোপাধ্যায় জানান, সব কিছু ঠিকঠাক চললে খুব দ্রুত উত্তরপাড়ায় প্রতিষ্ঠিত হবে বিদ্যাসাগরের একটি শ্বেতশুভ্র মূর্তি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news