চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নয়টি জেলাতে। বীরভূম, বাঁকুড়া , মুর্শিদাবাদ , নদিয়া , পূর্ব বর্ধমান , ঝাড়গ্রাম , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসাম থেকে পঞ্জাব পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত এলাকা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ,দক্ষিণ বিহার ও মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত এলাকার উপর দিয়ে বিস্তৃত। এর ফলে বেশ কিছু রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতায় আজ বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ এবং হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি ।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৩ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র এখন উত্তাল থাকবে তাই আগামী ২৪ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে ৩০ এপ্রিল বৃহস্পতিবার আন্দামান সাগরে নিম্নচাপ তৈরীর প্রবল সম্ভাবনা রয়েছে।এই কারণে ২৯ এপ্রিল বুধবার থেকে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news