ওয়েব ডেস্ক:
দেশের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। চলতি মাসেই ১ লক্ষ ৩০ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারতের রেল মন্ত্রক। লক্ষাধিক শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। জানা গিয়েছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রক্রিয়া। এই লক্ষাধিক পদের অধিকাংশই নন টেকনিক্যাল পোস্ট। আরও জানা গিয়েছে, পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলে নিয়োগ হবে ১৭০০০ শূন্য আসনে। এর মধ্যে দক্ষিণ পূর্ব রেল নিয়োগ করবে প্রায় সাড়ে এগারো হাজার প্রার্থী এবং পূর্ব রেল নিয়োগ করবে প্রায় সাড়ে পাঁচ হাজার প্রার্থীদের।
সূত্রের সংবাদ, নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি)-র জন্য লেভেল ওয়ানে ১ লক্ষ ও প্যারামেডিকাল স্টাফ হিসেবে ৩০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে।
উল্লেখ্য, যেহেতু নন টেকনিক্যাল পোস্ট সেই কারণে সাধারণ শাখায় পড়াশুনা করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন পদগুলির জন্য। নিয়োগ করা হবে লেভেল ওয়ান,প্যারা মেডিক্যাল, করণিকসহ একাধিক পদেও। এই সংক্রান্ত অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ২৮ ফেব্রুয়ারি, চলবে ৪ মার্চ পর্যন্ত। এছাড়াও আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ১ লা মার্চ পর্যন্ত এমপ্লয়মেন্ট নিউজে মিলবে বিস্তারিত বিজ্ঞপ্তি। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শূন্যপদের জন্য আবেদন করা যাবে। গ্রুপ ডি পদের মতোই হবে নিয়োগ পদ্ধতি। অসংরক্ষিতদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত হলে দিতে হবে ২৫০ টাকা। আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০% সংরক্ষণ লাগু হবে ভারতীয় রেলের এই নিয়োগে, এ কথাও জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে রেলের সমস্ত জোন-কে তাঁদের শূন্যপদের পরিসংখ্যান জমা করতে নির্দেশ দিয়েছিল বোর্ড। যে কাজের জন্য সাময়িক ভাবে একটি পোর্টালও চালু করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেখানেই সমস্ত জোনের শূন্য আসনের তথ্য জমা হয়। জানানো হয়েছিল, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে পোর্টাল। এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রকাশিত হবে প্রথম দফার নিয়োগ বিজ্ঞপ্তি, এমনটাই জানিয়েছিলেন ভারতীয় রেলের আধিকারিকরা।
রেল মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, লক্ষাধিক আসনের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১-এর আগস্ট মাসের মধ্যে। সূত্রের খবর, আগামী দু বছরের মোট ৪ লক্ষ শূন্য পদে নিয়োগ করবে কেন্দ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news