নীল রায়:
লোকসভা ভোটের আগে বড়সড় চমক দিল এআইসিসি। বুধবার সকালে সর্বভারতীয় কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, এআইসিসি-র সাধারণ সম্পাদক হচ্ছেন প্রিয়ঙ্কা গাঁধী বঢড়া। তাঁকে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়েছেন রাহুল গাঁধী। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের একলা চল নীতির কথা ঘোষণা করে কংগ্রেস জানান দিয়েছিল নতুন কোনও চালের কথা ভাবছে কংগ্রেস। কিন্তু বোন প্রিয়ঙ্কা গাঁধীকে যে রাজনীতিতে নামিয়ে দেবেন সভাপতি রাহুল গান্ধী, তা কাকপক্ষীতেও টের পায়নি। সক্রিয় রাজনীতিতে তিনি কবে নামবেন, তার জবাব প্রিয়ঙ্কার মুখ কোনওদিনই পাওয়া যায়নি। বোনের রাজনীতিতে নামার সম্ভাবনা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাহুলকেও। উত্তরে প্রতিবারই রাহুল বলেছেন, “আমি তো চাই, ও রাজনীতিতে আসুক। কিন্তু এটা একেবারে ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।”
এদিন প্রিয়ংকার সঙ্গেই জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও ভেনুগোপালকে। কিন্তু রাজনৈতিক মহলের আগ্রহ কেবলমাত্র প্রিয়ঙ্কাকে ঘিরেই। কারণ রাজনৈতিক মহল অপেক্ষাই করছিল রাজীব কন্যার রাজনীতিতে আসার। আর সেই মাহেন্দ্রক্ষণ ঘোষণার পরেই শুরু হয়েছে আগামী লোকসভা ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জল্পনা। মা সোনিয়া গাঁধী দীর্ঘদিন অসুস্থ। তাই এদিনের পর জল্পনা শুরু হয়েছে রায়বেরিলী থেকে সোনিয়ার বদলে প্রিয়ঙাকার ভোট দাঁড়ানো নিয়ে।
১০ জনপথ ও ১২ নম্বর তুঘলক লেনের অন্দরমহল জানে, ঘোষণা এদিন হলেও, রাজনীতিতে বহুদিন ধরেই সক্রিয় প্রিয়ঙ্কা গাঁধী। শুধু তাঁর কোনও পদ ছিল না। যেমন, রাহুলের লোকসভা কেন্দ্র অমেঠি এবং সোনিয়া গাঁধীর লোকসভা কেন্দ্র রায়বরেলী প্রিয়ঙ্কাই দেখভাল করেন। সেখানকার মানুষ তাঁর অফিসের সঙ্গেই যোগাযোগ রাখেন। তাঁদের সুবিধা, অসুবিধার কথা শোনেন প্রিয়ঙ্কাই। রায়বরেলীর কংগ্রেস কর্মীরা যত না সোনিয়া গাঁধীর সঙ্গে স্বচ্ছন্দ, তার থেকে বেশি সহজ প্রিয়ঙ্কার সঙ্গে। গত লোকসভা ভোটে অমেঠি, রায়বরেলীতে প্রচারের দায়িত্বও ছিল তাঁর উপর। রাহুল কংগ্রেসের সহ সভাপতি হওয়ার পর থেকে তাঁর টিম গঠনের ব্যাপারে বোনের ভূমিকা ছিল অপরিসীম। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার কথাই ধরা যাক! রণদীপকে হরিয়ানা থেকে তুলে এনেছিলেন প্রিয়ঙ্কাই। রাহুলের ব্যাক অফিস, তাঁর মিডিয়া ম্যানেজমেন্ট টিম রিপোর্ট করে তাঁকেই।
পাঁচ রাজ্যের ভোটে হেরে বিজেপি যখন কোনঠাসা, তখনই প্রিয়ঙ্কা গাঁধীকে আরও একটি মোর্চায় নামিয়ে নরেন্দ্র মোদীকে চাপে ফেলতে চায় কংগ্রেস। তাই আগামী লোকসভা ভোটে শাহ-মোদী জুটিকে ভাই-বোনের জোড়া আক্রমণের মুখে পড়তে হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news