নিজস্ব সংবাদদাতা:
কে মুখ্যমন্ত্রী?
জেতার আনন্দ অতীত। শুরু হয়ে গেছে কুর্সি নিয়ে দড়ি টানাটানি। রাজস্থান আর মধ্যপ্রদেশ—দুই রাজ্যেই ধর্মসংকটে কংগ্রেস হাইকমান্ড। রাজস্থানে বসুন্ধরা রাজের ছেড়ে যাওয়া চেয়ারে বসার অধিকারী দু’জন। একজন অবশ্যই অশোক গেহলথ। জাতীয় কংগ্রেসের পুরনো সৈনিক অশোক। এবারের ভোটে বিজেপিকে বালির দেশে পরাজিত করার পেছনে অশোকের অবদান অনস্বীকার্য। কিন্তু শচীনই গত পাঁচ বছরের সংগঠনের অন্যতম নায়ক। রাজস্থানের যুব কং কর্মীদের মাঠে নেমে লড়াইয়ের অন্যতম উৎসাহদাতা। মজার হল প্রকাশ্যে অশোক গেহলথ শচীনের অবদানকে গুরুত্ব দিয়েছেন। তথাপি যুব নেতাকে ওয়াকওভার দিচ্ছেন বলে খবর নেই। অন্যদিকে শচীনও প্রবীন ছেড়ে কথা কইছেন না। তবে যথেষ্ট সৌজন্য দেখাচ্ছেন। দুজনেরই বক্তব্য— সর্বসম্মতিক্রমে ঠিক হবে রাজস্থানের আগামী মুখ্যমন্ত্রী। রাহুল গাঁধী তথা কং হাইকমান্ডই শেষ কথা ইত্যাদি।

কিন্তু জয়পুরে বিধানসভা ভবনের বাইরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শচীন পায়লট ও অশোক গেহলথের সমর্থকদের আকচাআকচি। দু’পক্ষই চায় নিজেদের নেতা হবে রাজস্থানের মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশের অবস্থা এতটা সরগরম না হলেও থমথমে। ভোপালেও ভিড় জমিয়েছেন কংগ্রেস কর্মীরা। তাঁরা জানতে চান, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী। কমলনাথ নাকি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

অভিজ্ঞতা না যুব আবেগ, এখন দেখার কাকে জেতান নিজেও বয়সে তরুণ কং সভাপতি রাহুল গাঁধী! আসল কথা ধর্মসংকটে ‘গাঁধীগিরি’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news