ওয়েব ডেস্ক:
প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি৷ বয়স হয়েছিল ৭৩ বছর। বুধবার সকালে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ ডেপুটি স্পিকারের মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন হায়দার আজিজ সফি। ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে৷ গতকাল ছাড়া পেয়ে বাড়ি ফেরেন৷ কিন্তু বুধবার সকালে ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই প্রয়াত হন তিনি৷ সূত্রের খবর, নিউমোনিয়ার কারণে মৃত্যু হয় তাঁর৷
সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকারের মরদেহ বেলা একটায় বিধানসভায় নিয়ে আসা হবে৷ সেখানে মন্ত্রী ও বিধায়কেরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন৷ এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে উলুবেড়িয়ায় তাঁর বিধানসভা কেন্দ্রে৷ রাতে পিস হাভেনে মরদেহ রাখা থাকবে৷ বৃহস্পতিবার সকালে বিশেষ বিমানে ডেপুটি স্পিকারের দেহ নিয়ে যাওয়া হবে লখনউতে৷
প্রাক্তন আইপিএস অফিসার হায়দর আজিজ সফি ২০১১ সালে তৃণমূলের টিকিটে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র জয়ী হন। ২০১১ সালের ২০ মে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হন। ২০১৬ সালে ফের তৃণমূলের টিকিটে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে জয়ী হন তিনি। অভিজ্ঞতার জোরে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news