ওয়েব ডেস্ক:
কাশ্মীর প্রসঙ্গে রাহুল গাঁধীর মন্তব্যকে হাতিয়ার করে পাকিস্তান রাষ্ট্রসংঘে নালিশ জানানোর পরেপরেই ইউ-টার্ন করেন রাহুল, অন্যদিকে কংগ্রেসও বিবৃতি দিয়ে পাকিস্তানকে তোপ দাগে। তথাপি খোঁচা খেতে হচ্ছেই রাহুলকে। বিজেপি কটাক্ষ, পরিস্থিতির চাপে পড়েই বয়ান বদলেছেন রাহুল। এদিন নিজেদের বিবৃতিতে কংগ্রেস নেতাকে তুলোধনা করে বিজেপি। সাংবাদিক বৈঠকে গেরুয়া শিবিরের মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেন, রাহুল গাঁধী মিথ্যে বলছেন। কাশ্মীরে মানুষ মরছে এই তথ্য কোথা থেকে পেলেন তিনি, প্রশ্ন তোলেন জাভড়েকর।
উল্লেখ্য, কাশ্মীরে পরিস্থিতি খতিয়ে দেখতে রাহুল সে রাজ্যে গেলে তাঁকে শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়। রাহুলের অভিযোগ ছিল, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয় বলেই তাঁকে উপত্যকায় ঢুকতে দেওয়া হয়নি। বেশ কিছু জায়গায় হিংসার খবর মিলছে। মানুষও মরেছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা। রাহুলের এই মন্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি। এই মন্তব্যকে কাজে লাগিয়েই রাষ্ট্রসংঘে নালিশ জানায় ইসলামাবাদ।
তবে, আজ কংগ্রেসের তরফে বলা হয়, কাশ্মীর সমস্যা অভ্যন্তরীণ বিষয়। রাহুলও টুইটে সে কথা জানান। তাঁর কথায়, “কাশ্মীরে হিংসার পিছনে পাক মদত রয়েছে। কাশ্মীর নিয়ে অন্য কোনও দেশের নাক গলানোর জায়গা নেই।”
অবশ্য এমত অবস্থায় দেশের প্রধান বিরোধী দলের অন্যতম মুখকে এতটুকু জমি ছাড়তে রাজি নয় বিজেপি। বুধবার প্রকাশ জাভড়েকর বলেন, রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ জানাচ্ছে পাকিস্তান। যা দেশের কাছে লজ্জা বলে তোপ দাগেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news