চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“দেশের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে মুক্তির উপযুক্ত পথ বের করতে হবে।” এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার এআইসিসির (AICC) ওয়ার্কিং কমিটির বৈঠকের পর রাহুল বলেন, “করোনা ভাইরাসের জেরে যেভাবে দেশের অর্থনীতি ভেঙে পড়ছে তা থেকে মুক্তি পেতে ভারতের পক্ষে উপযুক্ত অর্থনৈতিক পরিকল্পনা করা আশু প্রয়োজন।” কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে রাহুল গাঁধী বলেন, “আমরা ফেব্রুয়ারি মাস থেকে কোভিড-১৯-এর দিকে নজর রাখছি এবং এব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্বে এমন কোনও দেশ নেই যেখানে বিপুল সংখ্যায় অভিবাসী শ্রমিক থাকা সত্ত্বেও তাদের জন্য খাবার, থাকার জায়গা ও বাড়ি ফেরার বন্দোবস্ত উপযুক্ত ব্যবস্থা না করে পুরোপুরি লকডাউন ঘোষণা করে দিয়েছে।” তাঁর আরও মন্তব্য, “এই শ্রেণীতে যাঁরা পড়েন প্রত্যের রাজ্যের উচিত তাঁদের দিকে বিশেষ ভাবে নজর দেওয়া।”
ওই বৈঠকের পরে টুইট করে রাহুল গাঁধী বলেন, “কংগ্রেস কার্যনির্বাহী বৈঠকের আমি জোর দিয়েছি কোভিড-১৯ ভাইরাসের জেরে যে মহামারীর পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের উপযোগী কোনও উপায় বার করতে হবে এবং দরিদ্র ও সমাজের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে যাঁরা রয়েছেন তাঁদের উপরে আঘাত যাতে কম লাগে সে ব্যাপারে নেতারা সহায়তা করবেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news