ওয়েব ডেস্ক:
সংসদে প্রজ্ঞা ঠাকুরের গডসে মন্তব্যের পর রাহুল গাঁধীর তোপ—সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে দেশভক্ত বলছেন। সংসদীয় ইতিহাসে কলঙ্কের দিন।
প্রসঙ্গত, সম্প্রতি নাথুরাম গডসেকে ফের ‘দেশভক্ত’ বলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর। তাও আবার খোদ সংসদ ভবনে দাঁড়িয়ে। প্রজ্ঞার মন্তব্যের পরেই সরব হন বিরোধীরা। অতীতেও গডসেকে নিয়ে প্রজ্ঞার একই মন্তব্যে দেশজুড়ে বিতর্ক হয়। সেবার প্রজ্ঞা বলেছিলেন, “নাথুরাম গডসে দেশভক্ত ছিল, দেশভক্ত আছে, দেশভক্ত থাকবে।” উল্লেখ্য, মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিংহ ঠাকুর তখন ছিলেন ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী। বুধবার সংসদে নাথুরাম গডসেকে নিয়ে একই ভাবনার প্রকাশ দেখা গেল প্রজ্ঞার মুখে। এদিকে কদিন আগেই তাঁকে প্রতিরক্ষামন্ত্রকের উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছিল। যদিও এই মন্তব্যর পর রাতরাতি ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রজ্ঞার মন্তব্যের সমালোচনা করেছে বিজেপিও। বিরোধীদের কটাক্ষ, প্রধানমন্ত্রীই বলেছিলেন প্রজ্ঞাকে তিনি মন মাফ করতে পারবেন না। এবার কি বলবেন? যদিও এখনও প্রজ্ঞার মন্তব্য নিয়ে মুখ খোলেননি মোদী।
বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা কমিটি থেকে প্রজ্ঞাকে সরানোর সিদ্ধান্ত হয়েছে। এমনকি এই মরসুমে দলের সংসদীয় বৈঠকে অংশগ্রহণে নিষেধাজ্ঞাও জারি হয়েছে। নাড্ডা জানান, এমন বিবৃতি দল সমর্থন করে না। উল্লেখ্য, মালেগাঁও বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত প্রজ্ঞা এই মুহূর্তে জামিনে আছেন। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news