ওয়েব ডেস্ক:
অমেঠির রিটার্নিং অফিসারই শেষমেশ জল ঢাললেন বিতর্কে। রাহুল গাঁধীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করলেন তিনি। উল্লেখ্য, অমেঠি কেন্দ্রে রাহুলের মনোনয়ন জমা পড়ার পর শুরু হয় বিতর্ক। একই কেন্দ্রের নির্দল প্রার্থী রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এইসঙ্গে কংগ্রেস সভাপতির শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট ইত্যাদি নিয়েও প্রশ্ন ওঠে। এর ফলে রাহুলের মননোয়নপত্র যাচাই (স্ক্রুনিটি) পিছিয়ে ২২ এপ্রিল করেন রিটার্নিং অফিসার। সেসময় অভিযোগের জবাব দেওয়ার জন্য সময় চান রাহুলের আইনজীবী।
প্রসঙ্গত, ভুয়ো নথি হলফনামা জমা করার অভিযোগ ওঠে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। অভিযোগ ওঠে, ১৯৯৪ সালে ফ্লোরিডার রোলিংস কলেজের স্নাতকের শংসাপত্র উল্লেখ করা হয়নি ২০০৪ সালের লোকসভা নির্বাচনে। ১৯৯৫ সালে কেমব্রিজ ট্রিনিটি কলেজের এমফিল করা রাহুল গাঁধী যে দাবি করেছেন, তা ২০০৪ সালে অর্জন করেন তিনি। আরও অভিযোগ করা হয় যে রাহুলের ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে।
এদিকে বিতর্ক উস্কে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেন, রাহুল গাঁধী ১৯৯৪ সালে রাউল ভিঞ্চি নামে পাসপোর্ট প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রকে। যা সম্পূর্ণ বেআইনি।
উল্লেখ্য, অমেঠি ছাড়াও কেরলের ওয়াইনাড কেন্দ্র থেকেও লড়ছেন রাহুল গাঁধী। আগামিকাল তৃতীয় দফা ভোটগ্রহণে রয়েছে রাহুলের দ্বিতীয় কেন্দ্র ওয়াইনাড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news