চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজ প্রথম পর্বে পাঁচটি রাফাল যুদ্ধবিমান (Rafael Jet Fighter) ভারতে আসছে। সোমবার ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল যুদ্ধবিমান গুলি। বুধবার বিকেলে হরিয়ানার অম্বালা বায়ুসেনা ঘাঁটিতে নামবে ওই পাঁচটি রাফাল। রাফালের আগমনের কারণে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অম্বালা বায়ুসেনা ঘাঁটিকে। বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। ড্রোন ওড়ানো, ছবি তোলা এবং ভিডিয়ো রেকর্ড করার উপরও নিষেধাজ্ঞা বসানো হয়েছে। জামায়াতের ওপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। আম্বালা এয়ারবেসের ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে রাফালগুলিকে। ৩৬টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরেই। বায়ুসেনা সূত্রে খবর, ভারতের জন্য ১০টি রাফাল জেট তৈরি রেখেছে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন। তার মধ্যে পাঁচটি চলে আসবে চলতি বছরেই। মে মাসেই প্রথম চারটি রাফাল ভারতের হাতে আসার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে রাফালের ভারতে আগমনের সময় পিছিয়ে যায়।
২০০৭ সালে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (UPA-2 Govt. Ex Prime minister Manmohan Singh) সময়কালে ফ্রান্সের দাসোঁ এভিয়েশনের কাছ থেকে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ক্ষমতায় আসার পর দাসোঁর সঙ্গে নতুন করে চুক্তি হয় ভারত সরকারের। ঠিক হয় তাদের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনা হবে। সেই বাবদ ৫৯ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। মোদি সরকারের এই চুক্তি নিয়ে সরব হয় কংগ্রেস-সহ বিরোধীরা। অভিযোগ ওঠে, ইউপিএ আমলের চুক্তি অনুযায়ী বিমান পিছু যেখানে ৫৭০ কোটি টাকা দাম স্থির ছিল, চুক্তি করার পর বিমান পিছু দাম পড়ছে ১৬৭০ কোটি টাকা করে। অনেক বেশি দামে চুক্তি করা এবং অনিল আম্বানিকে বিমান তৈরির বরাত পাইয়ে দেওয়া নিয়ে সেই সময় বিরোধীদের আক্রমণের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাফাল হয়ে ওঠে আরও বড় ইস্যু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে কংগ্রেস। ‘চৌকিদার চোর হ্যা’ স্লোগান ব্যবহার করে লোকসভা ভোটের প্রচার চালান রাহুল গাঁধী নেতৃত্বাধীন কংগ্রেস। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি।
যাবতীয় বিতর্ক কাটিয়েই আজ ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছচ্ছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ডবল ইঞ্জিন মল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট রাফাল আকাশ থেকে ভূমিতে ও সমুদ্রেও নির্ভুল নিশানা লাগাতে পারে। ৯ টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারে রাফাল। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের। গতকাল ভারতীয় বায়ুসেনার তরফে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছিল। মাটি থেকে ৩০ হাজার ফুট উঁচুতে, আকাশেই একটি ফরাসি ট্যাঙ্কার থেকে জ্বালানি ভরা হচ্ছে রাফালে। ভারতে আসার আগে সংযুক্ত আরব আমিরশাহির আল ডাফরায় ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে এক বার নামে রাফাল বিমানগুলি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news