নিজস্ব সংবাদদাতাঃ
পুরুলিয়া: রঘুনাথপুর-১ ব্লকের বাবুগ্রাম পঞ্চায়েত চত্বরে চলল নাটক! বিকেলের দিকে ব্লক প্রশাসন পঞ্চায়েতে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল বোর্ডগঠন প্রক্রিয়া স্থগিত রাখা হল। প্রশাসনের এই ভূমিকায় ক্ষুব্ধ ওই পঞ্চায়েতের বিজেপির সদস্যরা। ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানান, ‘প্রথম বৈঠক এবং বোর্ড গঠনের জন্য যথারীতি নির্ধারিত সময় থেকে অপেক্ষা করছিলাম। হঠাৎ কয়েকটি গাড়ি এসে থামে। অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে নেমে তার পর চলে যায়। দুপুর তিনটে নাগাদ আচমকা বোর্ড গঠন স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করা হল।’
এই ঘটনার খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। তিনি বলেন, ‘যত রকম ফন্দি কৌশল করা যায় সব কিছু করছে প্রশাসন, পুলিশ। শাসক দলের হয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে। জনগণের রায় মেনে নিতে পারছে না তৃণমূল। দোসর হয়েছে প্রশাসন ও পুলিশ।’
এদিকে অশান্তির আশঙ্কা প্রকাশ করে ফের পঞ্চায়েতের প্রথম বৈঠক অর্থ্যাৎ বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত রাখার কথা ঘোষণা করল পুরুলিয়া জেলা প্রশাসন। বুধবার, জেলাশাসক অলকেশ প্রসাদ রায় বলেন, ‘পাড়া ব্লকের পাড়া, দুবড়া, বহড়া,রঘুনাথপুর-১ ব্লকের শাঁকা এবং নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রাখা হল। পুলিশের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিজ্ঞপ্তি জারি করে বোর্ড গঠনের তারিখ জানিয়ে দেওয়া হবে।’ রঘুনাথপুরের বাবুগ্রাম পঞ্চায়েত নিয়ে মোট ৫১ টি পঞ্চায়েতে বোর্ড গঠন স্থগিত থাকল পুরুলিয়ায়।
প্রসঙ্গত, পুরুলিয়া জেলায় ১৭০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাশিপুরের ১৩টিতে বিনা প্রতিদ্বন্দীতায় জয়ের ফলে সুপ্রীম কোর্টে নির্দেশে বোর্ড গঠন স্থগিত রয়েছে আগে থেকেই। এরপর মঙ্গলবার, আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণ দেখিয়ে ৩২টি এবং এদিন মোট ৬টি পঞ্চায়েতে বোর্ড গঠন স্থগিত রাখল জেলা প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news