ওয়েব ডেস্ক:
কথা ছিল আজ বোর্ডগঠন হবে। কিন্তু তার আগে ফের উত্তপ্ত পুরুলিয়া। চলল গুলি। অভিযোগ, বরাবাজারের ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের চার বিজেপি সদস্য সহ এক নেতাকে অপহরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গাড়ি আটকে, গুলি ছুঁড়তে ছুঁড়তে অপহরণ করা হয় ওই বিজেপি সদস্যদের। উল্লেখ্য, এর আগে জেলায় বোর্ড গঠন নিয়ে ঝামেলার জেরে দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়। সে সময় তুমুল অশান্তির জেরে স্থগিত রাখতে হয় বোর্ড গঠন প্রক্রিয়া। সেই ৪৪টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার । শুক্রবারের মধ্যে বাকি চারটি পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা রয়েছে। কিন্তু যেভাবে ফের অশান্তি মাথা চাড়া দিয়ে উঠল তাতে করে তা কতদূর সম্ভব হবে নিশ্চিত নন কেউ।
আজ সকালের অপহরণের অভিযোগ পেয়ে পুলিস তদন্তে নেমেছে।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পর দ্বিতীয় দফায় বোর্ড গঠন শুরু হয়েছে পুরুলিয়ায়। ৩ দিনে মোট ৪৪ টি গ্রাম পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন শুরু হয়েছে। প্রথম দিন জেলার ১৯ টি গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করে তৃণমূল ও বিজেপি সমান সমান অবস্থানে রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news