ওয়েব ডেস্ক:
ট্রেনের ১২টি বগি লাইন থেকে বেরিয়ে গিয়ে, যার মধ্যে ৪টি বগি উল্টে গিয়ে বিরাট বিপত্তি হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেসে।। শুক্রবার গভীর রাতে কানপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, ১৪ জন যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে ৬ জন রেলকর্মী।

রেলের তরফে এডিজি স্মিতা শর্মা জানিয়েছেন, প্রাণহানি ঘটেনি, কেউ গুরুতর আহত হননি। স্মিতা আরও জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল ইউনিট। ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে রেলওয়ে ট্র্যাকের ক্ষতি হয়েছে।
অন্যদিকে কানপুরের জেলাশাসক বিজয় পন্থ সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারকাজ চলছে। যাত্রীদের কানপুর সেন্ট্রাল স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে যাত্রীদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনেরও ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যে ৪টি হেল্পলাইন খুলেছে রেল। সেগুলি হল-০৩৩-২৬৪০২২৪১, ২৬৪০২২৪২, ২৬৪০২২৪৩, ২৬৪১৩৬৬০।
ছবি সৌজন্যে: সংবাদসংস্থা ANI
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news