নিজস্ব সংবাদদাতা:
বর্ধমান, ২৫ অক্টোবর : কয়েকমাস ধরে অনাবৃষ্টির কারণে পূর্ব বর্ধমান জেলা জুড়ে চাষিরা পড়েছেন সমস্যায়। জলের অভাবে জমিতে ফাটল ধরতে শুরু করেছে। এদিকে ধান পাকার সময় হয়ে গেছে। জলের অভাবে ধানে পোকার উপদ্রব বাড়ছে। সমস্যা মেটাতে এদিন বর্ধমানে বৈঠকে বসেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ছিলেন অপর মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর কৃষি বিষয়ক উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন চাষিদের সমস্যার কথা আমাদের কানে যেতেই আমরা সমস্যা সমাধানে নেমে পড়েছি। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাষিদের পাশে আছেন। তিনিও বিষয়টি নিয়ে আজও খোঁজ নিয়েছেন।
এদিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল থেকে তিন দিন ডিভিসি ক্যাচমেন্ট এরিয়া থেকে জল দেবে। জলের পরিমান ৪০ হাজার একর ফিট। আশিস বাবু জানান, এর আগে আমরা জল তেনুঘাট থেকে কিনে চাষিদের দিয়েছিলাম ২০১৫ সালে। কিন্তু এই বছরে কোথাও কেনার জন্য জল পাওয়া যায়নি। তবে যেখানে খাল বিল নদী নালা রয়াছে সেখান থেকে সাবমার্সিবলের মাধ্যমে জল তুলে কাজে লাগানোর ব্যবস্থা করা হবে, যাতে চাষের কোন ক্ষতি না হয়। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন, জলের জন্য যতরকমের সোর্স আছে। যেমন খাড়ি থেকে শুরু করে ছোট নদী যাই হোক না কেন জল দেওয়ার কাজ চলবে। আমরা সবাই পুজোর সময় কাজ করেছি । তিনি বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কৃষকেরা নিখরচায় কৃষকদের বিমাকরন করতে পারে। কিন্তু আমরা সেই বিষয়ে একশ শতাংশ নিশ্চয়তা পাইনি।
আসলে ভারত সরকার যে সমস্ত বিমা কোম্পানিকে স্বীকৃতি দিয়েছে সেগুলি যথাযথ কাজ করে না। তাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে রাজ্য সরকারের তত্ত্বাবধানে ফসলবিমার ব্যবস্থা করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news