নিজস্ব সংবাদদাতা:
দুর্গাপুর, ২৫ অক্টোবর: পুজোর রেশ কাটতেই ডায়রিয়ার প্রকোপ শিল্পশহরে। আক্রান্ত প্রায় ৩০ জন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত দুর্গাপুর ৩৩ নং ওয়ার্ডের তামলা আদিবাসী পাড়ার বাসিন্দারা।
সূত্রের খবর, গত মঙ্গলবার থেকে ওই ওয়ার্ডের অসংখ্য মানুষের মধ্যে ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল, ইস্পাত হাসপাতাল ও একাধিক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা ভরতি করা হয়েছে। নগরনিগমের মেডিক্যাল টিম ইতিমধ্যেই ওয়ার্ডে ওআরএস সহ বিভিন্ন ওষুধ বিতরন শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার একমাত্র পুকুরটিতে মাছ চাষ করার জন্য নানা রাসায়নিক ব্যবহার করা হয়। মুরগির মাংসের দোকান থেকে ছাঁট নিয়ে পুকুরে ফেলে মাছ চাষ করা হয়। অনুমান, সে কারনেই দুষিত হয়েছে পুকুরের জল।
ওয়ার্ডের পুরমাতা মানি সোরেন জানান, ‘এলাকায় একটি পুকুর রয়েছে, তার আশপাশ খুবই নোংরা। ওই পুকুরেই স্নান, বাসন মাজা থেকে নিত্যদিনের কাজকর্ম সারেন এলাকাবাসী। সম্ভবত তা থেকেই ছড়িয়েছে ডায়েরিয়া বলে অনুমান করছি আমরা।’ তবে নগর নিগমের পানীয় জলও পরীক্ষা করে দেখা হবে বলে আশ্বাস দেন পুরমাতা। আপতত আক্রান্তদের অবস্থা স্থীতিশীল বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news