চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বৃহস্পতিবার লকডাউনের মেয়াদ বাড়িয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। শুক্রবার পাঞ্জাব সরকারও ৩০ এপ্রিলের লকডাউন (Lockdown) করে দিল।। এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder Singh) বলেন, “আমাদের রাজ্যে সম্ভবত সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। এই অবস্থায় যদি মানুষের চলাফেরার ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে রোগ আরও ছড়াবে।”
সাংবাদিক বৈঠকে অমরিন্দর আরও বলেন, “বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতেও বাড়ছে। পাঞ্জাব তো বিচ্ছিন্ন কোনও জায়গা নয়। আমরা অন্যান্য রাজ্যের তুলনায় অতিমহামারীকে অনেকাংশে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কিন্তু তা ছড়াতে পারে। আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি। তার অন্যতম হল সামাজিক দূরত্ব বজায় রাখা।” তিনি বলেছেন, “আমাদের রাজ্যে ১ লক্ষ ৪০ হাজার অনাবাসী ভারতীয় আছেন। তাঁদের অনেকে বিদেশ থেকে এসেছেন। যে দেশগুলিতে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রকোপ দেখা গিয়েছে, সেই সব দেশ থেকেও অনেকে এসেছেন। তাঁরা প্রথমে কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন। এখন তাঁদের থেকে আরও ২৭ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে।”
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, “দিল্লির নিজামুদ্দিন অঞ্চলে তবলিঘি জামাতের সমাবেশ থেকে ৬৫১ জন আমাদের রাজ্যে এসেছেন। তাঁদের মধ্যে ৬৩৬ জনকে চিহ্নিত করা গিয়েছে। বাকি ১৫ জনের হদিশ মেলেনি। পাঞ্জাবে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩২ জন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news