ওয়েব ডেস্ক:
হাতে মেরেকেটে দু’সপ্তাহ মতো। শেষ মুহূর্তের কাজ চলছে মণ্ডপে মণ্ডপে। কুমোরটুলির ব্যস্ততা তুঙ্গে। চূড়ান্ত ব্যস্ত মৃত্শিল্পীরা। এবং শহর থেকে মফসসলে চলছে পুজোর কেনাকাটা। এমত অবস্থায় নিম্নচাপ ও এমন টানা বৃষ্টিতে চিন্তিত প্রতিমা শিল্পীরা। এভাবে লাগাতার বৃষ্টি হলে কাজ শেষ করা কঠিন হবে। চিন্তায় মণ্ডপের কারিগররাও। সকলের চিন্তা বাড়িয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা এবং সংলগ্ন এলাকায় টানা বৃষ্টি হবে এই দু’দিন। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধু কলকাতা নয়, এইসঙ্গে হাওড়া ও দুই ২৪ পরগনাতেও ভালোরকম বৃষ্টির হতে পারে। উল্লেখ্য, বর্ষার ভরা মরসুমে বৃষ্টি তত না হলেও, শেষে বেলায় মন্দ বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে। এদিকে এ বছর একপ্রকার বর্ষার মরসুমের মধ্যেই পুজো পড়েছে। ফলে পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
আজ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ‘আগামী দু’দিন ভালো বৃষ্টি হবে। তবে পুজোর সময় কেমন আবহাওয়া থাকবে এখনই বলা যাচ্ছে না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news