চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) আন্তঃরাজ্য প্রতিনিধিদল রাজ্যে এসে করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে গিয়েছে। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল বাংলায়। এবার সেই বিতর্ককে আরো উস্কে দিয়ে কলকাতায় ‘পাবলিক হেলথ টিম’ পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। রবিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ২০টি জেলায়, যেখানে সংক্রামিতের সংখ্যা সবথেকে বেশি, সেখানেই এই টিম পাঠানো হচ্ছে। কলকাতা ছাড়াও ২০টি জেলা তথা শহরের নাম রয়েছে এই তালিকায়। মুম্বই, আমেদাবাদ, দিল্লি (দক্ষিণ-পূর্ব), দিল্লি (মধ্য), ইনদৌর, পুণে, জয়পুর, থানে, সুরাট, চেন্নাই, হায়দরাবাদ, ভোপাল, যোধপুর, আগ্রা, কুর্নুল, ভদোদরা এবং গুন্টুর, কৃষ্ণা, লখনউয়ে যাবে এই দল।

দু’সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের ৮ জেলায় করোনা সংক্রমণের পরিস্থিতি সরেজমিনে দেখতে আন্তঃমন্ত্রক টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই প্রতিনিধিদল পাঠানো নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর হয়েছিল বিস্তর। রাজ্য সরকার অভিযোগ করেছিল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রাজ্যের নির্বাচিত সরকারের ওপর খবরদারি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই অভিযোগকে পাত্তা না দিয়ে কলকাতাসহ উত্তরবঙ্গের করোনা কবলিত এলাকাগুলি পরিদর্শন করে একাধিক প্রশ্ন তুলেছিল আন্তঃরাজ্য প্রতিনিধিদল। তার জেরেই, রাজ্যের কোভিড ১৯ (Covid 19) আক্রান্ত প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশ এসেছিল। সঙ্গে বেশ কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।
স্বাস্থ্যমন্ত্রকের প্রতিনিধিদলের কলকাতায় আসা নিয়েও, তেমন বিতর্ক বাড়তে পারে বলে মনে করছে বাংলা রাজনৈতিক মহল। তাদের ব্যাখ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মনে করেন বাংলার দায়িত্ব এখানকার জনতা তাঁকে দিয়েছেন। তাই কারো পরামর্শ কিংবা নজরদারির প্রয়োজন নেই। অন্যদিকে বিজেপির (BJP) বক্তব্য, রাজ্যের মতোই কেন্দ্রীয় সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর কুরসিতে বসেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই দায়বদ্ধতা থেকেই করোনা ভাইরাসের সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতি প্রসঙ্গে পদক্ষেপ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি জোরদার করতে চাইছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news