চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার সকাল ১০টা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক শুরু হয়েছে। ধাপে ধাপে লকডাউন তোলা-সহ নানা বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানো নিয়ে পদক্ষেপের কথাও। সঙ্গে কোন রাজ্যের করোনা সংক্রমণের কি পরিস্থিতি রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
করোনা ভাইরাসের পরিস্থিতি ও লকডাউন নিয়ে এর আগেও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে ফের এক বার আর্থিক প্যাকেজের দাবি তুলতে পারেন মুখ্যমন্ত্রীরা। দিল্লির প্রশাসনিক মহলে আলোচনা এই যে এখনই লকডাউন তোলার পক্ষে নন কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশের ৯টি রাজ্য ইতিমধ্যে করোনা ভাইরাস মুক্ত ঘোষিত হলেও, ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করে গ্রামীণ রাজনীতির সঙ্গে যুক্ত জন প্রতিনিধিদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন।
গত শনিবার বিভিন্ন রাজ্যের প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা। সেখানে রাজ্যগুলির মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কর্তা ও জেলা আধিকারিকরা। ওই বৈঠকে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানো নিয়ে কোন পথে এগনো হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। কেন্দ্রের তরফে জানতে চাওয়া হয় যে, সংক্রমণের হার কোথায় কেমন। লকডাউন কতটা মানা হচ্ছে ইত্যাদি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news