চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রশাসক নয়, কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) মেয়াদ অন্তত ৬ মাসের জন্য বৃদ্ধি করার আইন দপ্তর ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত জানতে চাইল রাজ্য সরকার। প্রস্তাবটি কার্যকর হলে মেয়র ও মেয়র পারিষদের পাশাপাশি ১৪৪ জন কাউন্সিলরেরই প্রশাসনিক ক্ষমতার মেয়াদ বাড়বে। শাসকদল তৃণমূল, বাম, কংগ্রেস ও বিজেপির নির্বাচিত বর্তমান কাউন্সিলরদের মেয়াদ বৃদ্ধি হবে। করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে কবে পুরভোট হবে তা এখন আর জোর দিয়ে বলা যাচ্ছে না। প্রসঙ্গত, আগামী ৭ মে কলকাতার চলতি পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন কলকাতা ও হাওড়ায় গত ১৯ এপ্রিল ভোটগ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করেছিল। করোনার জেরে ভোট পিছোতেই কার্যত কলকাতা পুরসভায় সাংবিধানিক ও প্রশাসনিক সংকট হওয়াতেই মেয়াদ বৃদ্ধির ভাবনায় রাজ্য সরকার।
আইনমাফিক মেয়াদ বৃদ্ধি হলে আগামী ৭ মে রাতের মধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের সম্মতি নিয়েই অর্ডিন্যান্স জারি করতে হবে। কারণ, পরদিন থেকে বর্তমান পুরবোর্ড আর কার্যকর থাকবে না। অবশ্য বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত কলকাতা পুরসভায় প্রশাসক বা প্রশাসকমণ্ডলী বসানো নিয়ে কোনও প্রস্তাব নবান্ন পাঠানো হয়নি বলেই জানা গিয়েছে। পুরবোর্ডের মেয়াদ বৃদ্ধি না করার আইনি পথ না পাওয়া যায়, তবেই ১৪৪টি ওয়ার্ডেই দলমত নির্বিশেষে বর্তমান কাউন্সিলরদেরই সরকারি প্রতিনিধি করার সুপারিশ করতে পারেন মেয়র ফিরহাদ হাকিম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news