চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আবারও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার দুপুর তিনটে নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের কথা রয়েছে তাঁর। আগামী ১৭ মার্চ চলতি লকডাউনের (Lockdown) সময়সীমা শেষ হয়ে যাবে। এর পর তার সময়সীমা বাড়ানো হবে, নাকি তা ধাপে ধাপে তোলা হবে, সে নিয়ে আলোচনার প্রবল সম্ভাবনা আগামীকালের বৈঠকে। পাশাপাশি, করোনা-সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের নির্দেশিত রেড, অরেঞ্জ এবং গ্রিন এলাকার পরিবর্তে কনটেনমেন্ট জোন অনুযায়ী শিথিলতার মাত্রা বাড়ানো বা কমানোর বিষয়েও আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, গোটা দেশে একধাক্কায় লকডাউন না সরিয়ে সংক্রমণের হার অনুযায়ী ধাপে ধাপে তা উঠানো হবে। সঙ্গে দেশের কোন কোন রাজ্যে অথবা এলাকায় লকডাউনের বিধিনিষেধের কড়াকড়ির মাত্রা কেমন হবে, তা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি তেলেঙ্গানায় লকডাউনের মেয়াদ আরও ১২ দিন বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লির যা পরিস্থিতি, তাতে সেখানকার সরকারও লকডাউনের মেয়দা বাড়াতে চাইতে পারেন। আবার এমনও হতে পারে যে সব রাজ্যের হটস্পটগুলিতে লকডাউনের বিধিনিষেধ চলতে পারে ১৭ মে-র পরে। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে ভারতে মোট কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৬২,৯৩৯। পাশাপাশি, দেশে করোনা সংক্রামিত হয়ে মৃত্যর সংখ্যা দাড়িয়েছে ২১০৯ জনের। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১২৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩,২৭৭ জন আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে কোভিড ১৯ (Covid 19) পজিটিভ রোগীর সংখ্যা ৪১,৪৭২। এমতাবস্থায় লকডাউন তোলা কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news