ওয়েব ডেস্ক:
শাসক দলের টালামাটাল রাজনৈতিক পরিস্থিতি, এদিকে ২০২১ বহুদূরে নয়। তার মধ্যে শিক্ষকদের নয়া অনশন। সব মিলিয়ে টনক নড়ল রাজ্য সরকারের। শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব কিছুটা হলেও মানল রাজ্য়। গ্রেড পে বাড়িয়ে ৩৬০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে নয়া কাঠামোয়। এই মর্মে ইতিমধ্যেই অর্থ দফতরকে চিঠি পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে ফাইলও। এদিন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভায় এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় এদিন অনশন তুলে নেওয়ার আবেদন জানান শিক্ষকদের। ফের কাজে যোগ দিতে অনুরোধ করেন।
প্রসঙ্গত, বর্তমানে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের বেতন কাঠামো ৫,৪০০-২৫,২০০। আর গ্রেড পে-২,৩০০/২,৬০০। দেশের অন্য রাজ্যের তুলনায় যা অনেকটাই কম। এই বেতন বৈষম্য দূর করতেই প্রাথমিক শিক্ষকরা অনশনে বসেছেন। অনশনরত শিক্ষকরা দাবি করেন, গ্রেড পে বাড়িয়ে ৪২০০ করতে হবে। পুরোটা না মানলেও গ্রেড পে ৩৬০০ টাকা করে শিক্ষকদের দাবিকে কিছুটা হলেও মান্যতা দিল রাজ্য সরকার। এইসঙ্গে আজ শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন প্রমোশন পলিসি আনতে চলেছে সরকার। নতুন নিয়মে যোগ্যতার বিচারে প্রমোশন পেয়ে প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্তরে উন্নীত হবার সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষিকারা।
বৃহস্পতিবার বদলির অভিযোগ খতিয়ে দেখারও আশ্বাস দেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, “আজই অর্ডার দিয়েছি। যাঁদের ট্রান্সফার ঠিকমতো হয়নি, তাঁদেরটা নিয়ম মতো করা হবে।” এইসঙ্গে অবশ্য আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে দাবি আদায়ের পাশাপাশি দায়িত্ব নিয়ে কাজ করার বার্তাও দেন শিক্ষমন্ত্রী।
উল্লেখ্য, এর আগে শিক্ষকদের বেতন বৃদ্ধিকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “দিলীপ ঘোষকে সময় দিন, উনিই বেতন বাড়িয়ে দেবেন।” অন্যদিকে একুশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “যাঁরা কেন্দ্রীয় সরকারের মতো বেতন চান, তাঁরা কেন্দ্রে যান। দিল্লির চাকরি করুন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news