ওয়েব ডেস্ক:
গত সাত বছর প্রকাশ্যে বক্তব্য রাখতে দেখা যায়নি তাঁকে। যদিও আলজেরিয়ার সেই প্রেসিডেন্ট নিজের পঞ্চম মেয়াদের জন্য নির্বাচন লড়ছেন ফের। স্বাভাবিক কারণেই প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকাকে তাঁর সমালোচকরা বলেন ‘জীবন্মৃত’।
প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকার বয়স ৮২ বছর। তবে তিনি অবসরে ইচ্ছুক নন। ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন তিনি। কার্যত কাজ করার মতো অবস্থায় নেই শরীর। সে কারণেই তাঁকে প্রকাশ্যে কোনও কথা বলতে শোনা যায়নি গত ৭ বছর। তথাপি প্রেসিডেন্ট হিসেবে তার পঞ্চম মেয়াদের জন্য নির্বাচন আছেন তিনি।
আঞ্চলিক পর্যবেক্ষকদের মত, আগামী ১৮ এপ্রিল সে দেশে যে ভোট রয়েছে, তাতে জিতেও যেতে পারেন ‘জীবন্মৃত’ প্রেসিডেন্ট। গত ২০ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। সে দেশের জনতার একটা বড় অংশের বুতেফলিকার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। জানা গিয়েছে, সারাদেশে লাখ লাখ মানুষ, বিশেষ করে তরুণরা গত শুক্রবার রাস্তায় নেমে অসুস্থ প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আরব বসন্ত শুরু হওয়ার পর এটাকেই সবচেয়ে বড় প্রতিবাদ বলে মনে করা হচ্ছে। এমনকী রাজধানী আলজিয়ার্সে পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয় বিক্ষোভকারীদের হটাতে।
তবে এসব প্রতিবাদ প্রেসিডেন্টের কানে যায়নি। তিনি প্রতিবাদকারীদের উদ্দেশ্যে কিছু বলেনওনি। কারণ বর্তমানে তিন সুইজারল্যান্ডে রয়েছেন চিকিত্সার জন্য।
সূত্রের খবর, ২০১৭ সালের নির্বাচনে আলজেরিয়ার পক্ষাঘাতগ্রস্ত প্রেসিডেন্ট ভোট দিয়েছিলেন অন্যের সহযোগিতায়। আব্দেল আজিজ বুতেফলিকার সমালোচকরা তাকে ‘দ্য লিভিং ডেড’ বা জীবন্ত লাশ বলেও ডেকে থাকে। আরও জানা গিয়েছে, গত সোমবার প্যারিসে আলজেরিয়ার রাষ্ট্রদূতকে একটি বিবৃতি দিতে হয় প্রেসিডেন্ট জীবিত, এই মর্মে।
প্রশ্ন উঠছে, প্রেসিডেন্ট যদি তার প্রাত্যহিক কাজ করতে না পারেন তাহলে তিনি কীসের প্রেসিডেন্ট তিনি?
আলজেরিয়াকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হলেও দেশটি পরিচালিত হয় ক্ষমতাসীনদের ইচ্ছা অনুযায়ী। একদল সামরিক কর্মকর্তা আর অনির্বাচিত ব্যবসায়ীরা দেশ চালানোর বড় সিদ্ধান্তগুলি নিয়ে থাকেন।

নানা টালমাটাল পরিস্থিতির মধ্যে ১৯৯৯ সালে আব্দেল আজিজ বুতেফলিকা ক্ষমতায় আসেন। দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন। বর্তমান ‘জীবন্মৃত’। এদিকে সে দেশের তরুণরা পুনঃনির্বাচনের দাবি তুলছে। তারা শ্লোগান দিচ্ছে ‘বাই বাই বুতেফলিকা’। এর মধ্যে গত রবিবার রাতে প্রেসিডেন্টের একটি চিঠি পড়ে শোনানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। যেখানে তিনি বলেন, “প্রতিবাদকারীদের গভীর কান্না আমি শুনেছি।” তিনি অঙ্গীকার করেন, পুনঃনির্বাচিত হলে রাজনৈতিক সংস্কার ও আরেকটি নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য তিনি কনফারেন্সের আয়োজন করবেন ইত্যাদি।
যদিও নতুন প্রজন্মের কাছে এ ধরনের ভারী কথাবার্তার কতটা মূল্য আছে তা সময়ই বলে দেবে। সব মিলিয়ে আলজেরিয়ার ‘জীবন্ত লাশ’ প্রেসিডেন্টকে নিয়ে দানা বেঁধেছে চরম বিতর্ক ও উত্তেজনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news