নীল রায়।
বাংলার সংবাদমাধ্যমকে কী খোঁচা দিলেন ভোটগুরু প্রশান্ত কিশোর! সোমবার দুপুরে এক টুইট মারফৎ পিকে লেখেন, “মজার বিষয় এই যে ইদানিং আমি কোথায় কী করছি না করছি। সবই জানতে পারছি সংবাদপত্র থেকে।” প্রসঙ্গত, রবিবার ছিল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ। কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে ধর্মতলায় তৃণমূলের সমাবেশে উপস্থিত থাকবেন প্রশান্ত। কিন্তু, শহীদ দিবসের সভায় দেখা যায়নি তাঁকে। তাঁর কোনও প্রতিনিধি সমাবেশস্থলে উপস্থিত ছিল কিনা, তাও জানায়নি প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক।
লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর প্রশান্ত কিশোরকে রাজনৈতিক ক্ষেত্রে বাংলায় কাজে লাগানোর বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেন তৃণমূল নেত্রী ও তাঁর সাংসদ ভাইপো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে যান প্রশান্ত। তারপর থেকেই কলকাতায় লোকচক্ষুর অন্তরালে ডেরা পাতা শুরু করেছেন আইপ্যাকের সদস্যরা। ধীরে ধীরে কাজ শুরু করেছেন বিহারী এই ভোটগুরু।
তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোর সঙ্গে বৈঠক করেছেন তিনি। আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন “মোক্ষ ল্যান্ডমার্ক”-এর ঝাঁ চকচকে বহুতলের অফিসে তৃণমূলের জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করে অক্সিজেন দেওয়ার কাজটিও সেরে ফেলেছেন। এমনকি ক্লাস নিয়েছেন তৃণমূল মুখপাত্রদের। যদিও, কোনও ক্ষেত্রেই প্রকাশ্যে এসে তা খোলসা করেননি পিকে। কিন্তু, কলকাতার বেশকিছু সংবাদ মাধ্যমে পিকে ও তৃণমূলের রাজনৈতিক বোঝাপড়া তথা কর্ম পদ্ধতি নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সেগুলো যে আসলে ভিত্তিহীন, এদিনের টুইট মারফৎ, তা বোঝাতে চেয়েছেন প্রশান্ত কিশোর। এমনটাই মনে করছে বাংলার রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news